তিন দিনের বদলে দুই দিনের ম্যাচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন দিনের নয়, দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচে অংশ নেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একাদশ। টানা তিন দিনের বৃষ্টিতে বিকেএসপির মাঠের অবস্থা বেহাল হওয়ায় আজ বুধবার ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে দুই দিনে নামিয়ে আনা হয়েছে।কাল বৃহস্পতিবার ম্যাচটি মাঠে গড়ানোর কথা ছিল। কিন্তু প্রথম দিনের খেলা পরিত্যক্ত হওয়ায় ম্যাচটি মাঠে গড়াবে আগামী শুক্রবার।বাংলাদেশের সঙ্গে দুটি টেস্ট, পাঁচটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টিতে অংশ নিতে গত সোমবার সকালে ঢাকায় এসে পৌঁছায় ওয়েস্ট ইন্ডিজ দল। সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়াবে ঢাকায় ১৩ নভেম্বর। ২১ নভেম্বর দেশের নতুন টেস্ট ভেন্যু খুলনায় শুরু হবে দ্বিতীয় টেস্ট। ৩০ নভেম্বর শুরু হবে ওয়ানডে সিরিজ। একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১০ ডিসেম্বর।এক বছরের মধ্যে এটি ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় বাংলাদেশ সফর। সর্বশেষ সফরে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটিতে হেরে গেলেও টেস্ট ও ওয়ানডে দুটিতেই সিরিজ জিতেছিল ক্যারিবীয়রা।বাংলাদেশ সর্বশেষ টেস্ট খেলেছে পাকিস্তানের বিপক্ষে। ঢাকায় গত বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত ওই ম্যাচের পর কোনো টেস্ট খেলার সুযোগ পায়নি মুশফিকুর রহিমের দল। তবে বন্ধ ছিল না ওয়ানডে আর টি-টোয়েন্টি। এ সময় চারটি ওয়ানডে, আটটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ও নয়টি বেসরকারি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ।