তিন দিনের মধ্যে নতুন কোচ!
নির্দিষ্ট করে নাম বললেন না কারও। তবে সময় বেঁধে দিলেন। কাল সকালে কোচ সন্ধান কমিটির দুই সদস্য মাহবুবুল আনাম ও খালেদ মাহমুদের সঙ্গে সভার পর আরেক সদস্য জালাল ইউনুস বললেন, ‘দু-তিন দিনের মধ্যে জানা যাবে জাতীয় দলের নতুন কোচের নাম।’ নতুন কোচ খুব হাইপ্রোফাইল হবেন না বলেই তাঁর আভাস। আর নাম যখনই জানা যাক, নতুন কোচের নিয়োগ হবে ১ জুলাই থেকে, মেয়াদ দুই বছর।
তা কে হচ্ছেন নতুন কোচ? চূড়ান্ত কিছু হওয়ার আগে জবাব দিতে রাজি নন কমিটির কেউই। তবে বিসিবির প্রথম পছন্দ এখনো চন্ডিকা হাথুরুসিংহেই৷ যদিও পাকা কথা হওয়ার আগে সংবাদমাধ্যমে নাম আসায় বিসিবির ওপর অসন্তুষ্ট এই শ্রীলঙ্কান৷ তার পরও তাঁর সম্ভাবনা এখনই উড়িয়ে দিচ্ছে না কমিটি৷ গ্র্যান্ট ফ্লাওয়ার, গ্যারি কারস্টেনকে মনে করা হচ্ছে দূর আকাশের তারা। প্রধান কোচের চারজনের সংক্ষিপ্ত তালিকার আর একজন মাইকেল বেভান। এজেন্টের মাধ্যমে আলোচনা চলছে এই অস্ট্রেলিয়ানের সঙ্গে। কিন্তু বেতন হিসেবে নাকি মাসে ৩০ হাজার ডলারেরও বেশি চাচ্ছেন তিনি৷ তা ছাড়া বিসিবি দুই বছরের চুক্তি করতে চাইলেও বেভান চুক্তি করতে চান ২০১৫ বিশ্বকাপ পর্যন্ত।
এ ছাড়া প্রধান কোচ হতে নাকি নিজ থেকে আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশ দলের সাবেক দুই কোচ ডেভ হোয়াটমোর ও জেমি সিডন্স এবং গেম ডেভেলপমেন্টের সাবেক জাতীয় ম্যানেজার শন উইলিয়ামস। কিন্তু বিসিবি আপাতত পুরোনো কাউকে নিতে আগ্রহী নয়। সম্ভাব্য কোচ হিসেবে বাতাসে ভাসছে দুই অস্ট্রেলিয়ান মাইক ভেলেটা আর ম্যাথু মটের নামও। যদিও দুটি নামের কোনোটাই বিসিবির তালিকায় নেই বলে জানিয়েছে একটি সূত্র।
প্রধান কোচের সঙ্গে খোঁজা হচ্ছে হাইপারফরম্যান্স কোচও। কিন্তু বিসিবির প্রস্তাব ইতিমধ্যে প্রত্যাখ্যান করেছেন দক্ষিণ আফ্রিকার রে জেনিংস। এই পদে পরের পছন্দ এর আগে একাডেমির দায়িত্বে থাকা অস্ট্রেলিয়ার রস টার্নার।