তিন দেশের সংস্কৃতি আর অ্যাডামস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাকিরার মোহনীয় নৃত্য আর সুরের মূর্ছনায় ডুবে যাওয়ার আশায় যাঁরা ছিলেন, তাঁদের জন্য দুঃসংবাদ। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে আসছেন না ‘ওয়াকা ওয়াকা’খ্যাত শিল্পী। তবে যিনি আসছেন, তাঁকেও অনায়াসে বলে দিতে পারেন ‘সুরের জাদুকর’। ১৭ ফেব্রুয়ারি ২ ঘণ্টা ১৮ মিনিটের উদ্বোধনী অনুষ্ঠানের মূল আকর্ষণ হতে যাচ্ছে ‘এভরিথিং আই ডু...’-এর গায়ক ব্রায়ান অ্যাডামসের গান।বিশ্বকাপের মূল উদ্বোধনী অনুষ্ঠানটি শুরু হবে সন্ধ্যা সোয়া ছয়টায়। এর আগে বিকেল সাড়ে ৪টা থেকে শুরু হবে বাংলাদেশের আট শিল্পীকে নিয়ে ‘প্রি শো।’ চারজন পুরুষ ও চারজন মহিলা সংগীতশিল্লীর আটটি গানের পর মাগরিবের নামাজের বিরতি। এরপরই শুরু হবে মূল উদ্বোধনী অনুষ্ঠান।ব্রায়ান অ্যাডামসের দুটি গান ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে মনকাড়ার মতো অনেক কিছুই থাকছে। সন্ধ্যা সোয়া ছয়টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনের পর স্বাগত সংগীত ‘স্বাগতম পৃথিবী’ দিয়ে শুরু হবে অনুষ্ঠান। এরপর ভারতের জনপ্রিয় শিল্পী সনু নিগামের গান এবং এই গানের মধ্যেই রিকশায় চড়ে মাঠে ঢুকবেন বিশ্বকাপের ১৪ দলের অধিনায়ক।তাঁদের উপস্থিতিতে বিশ্বকাপের আনুষ্ঠানিক ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেষ কয়েক সেকেন্ডের কাউন্টডাউন হবে এর আগে। বিশেষ স্ক্যানারে হাত রাখবেন প্রধানমন্ত্রী, সঙ্গে সঙ্গে স্টেডিয়ামের পাশের শিল্পব্যাংক ভবনের গায়ে ভেসে উঠবে বিশ্বকাপ ট্রফির ছবি। আতশবাজির আলোয় আলোকিত হয়ে উঠবে বঙ্গবন্ধু স্টেডিয়ামের আকাশ। বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস জানিয়েছেন, একই সময়ে আতশবাজিতে আকাশ আলো হবে স্টেডিয়ামের আশপাশের এলাকা থেকেও।আতশবাজির আলোয় মোহিত দর্শকদের জন্য বিরক্তির কারণ হয়ে উঠতে পারে উদ্বোধন ঘোষণার আগের বক্তৃতাপর্বটা। বিশ্বের অন্যান্য বড় ইভেন্টের তুলনায় ২০১১ বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের বক্তৃতাপর্ব একটু লম্বাই হবে। প্রধানমন্ত্রী, বিসিবির সভাপতি এবং আইসিসির প্রেসিডেন্টের বক্তৃতা অনুষ্ঠানের প্রয়োজনীয় অনুষঙ্গই। সঙ্গে অর্থমন্ত্রী এবং ক্রীড়া প্রতিমন্ত্রীর বক্তৃতা অনুষ্ঠানের জন্য কতটা প্রয়োজনীয়, সেটা নিয়ে প্রশ্ন উঠতেই পারে।অনুষ্ঠানের পরের পর্বটার নাম ‘কালার অব সেলিব্রেশন’। বিশ্বকাপের তিন আয়োজক দেশ ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরা হবে এই পর্বে। প্রথমে ভারত ও শ্রীলঙ্কার অনুষ্ঠান ১২ মিনিট করে। এরপর বাংলাদেশের অনুষ্ঠানটি ২০ মিনিটের। তিন দেশের অনুষ্ঠান পরিচালনা করবে তিন দেশের কোরিওগ্রাফাররা।বাংলাদেশ অংশে থাকবে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং আদিবাসীদের নিয়ে পর্ব। শিল্পব্যাংক ভবনের গায়ে চোখ রাখতে হবে আবারও। এবার সেখানে ফুটে উঠবে ৭ মার্চের ভাষণের সময়কার বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি। এই অংশে আছে সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা ও মমতাজের গানও। তিন মিনিট বরাদ্দ আছে বাংলাদেশ পর্যটন বোর্ডের প্রচারণামূলক প্রদর্শনীর জন্যও।১০ মিনিটের মূল আকর্ষণটা এরপরই—ব্রায়ান অ্যাডামসের গান। অ্যাডামসের উপমহাদেশ সফর শেষ হবে বাংলাদেশে অনুষ্ঠেয় বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান দিয়ে। অবশ্য উদ্বোধনী অনুষ্ঠানের পরদিনও ঢাকায় একটা অ্যাকুসটিক কনসার্টে অংশ নেবেন কানাডার এই জনপ্রিয় সংগীতশিল্পী। নিজের সর্বশেষ অ্যালবাম ‘বেয়ার বোনসের’ গান শোনাবেন এই কনসার্টে।ব্রায়ান অ্যাডামস পর্বের পর বাজবে বিশ্বকাপের থিম সং ‘দে ঘুমাকে’। বাংলা, হিন্দি ও সিংহলিজ—এই তিন ভাষায় গানটি গাইবেন শংকর-এহসান-লয়। উদ্বোধনী অনুষ্ঠানে ততক্ষণে বিদায়ের সুর। মাঠে চলবে আড়াই হাজার কুশীলবের ‘ডিসপ্লে’, সঙ্গে আতশবাজি, এলইডি কাইট শো, লেজার শো...। রাতের আঁধার ফুঁড়ে রঙের এই ফোয়ারা ছড়িয়ে পড়বে পুরো বিশ্বকাপেই।টেলিভিশনে তো পুরো বিশ্বই দেখবে। মাঠে বসে ইতিহাসের সাক্ষী হতে চান? তা হলে দাঁড়িয়ে যান লাইনে। ঢাকা ব্যাংকে উদ্বোধনী অনুষ্ঠানের টিকিট বিক্রি শুরু হবে ১০ ফেব্রুয়ারি। এই আনন্দযজ্ঞে আমন্ত্রিত অতিথিই বেশি থাকবেন স্টেডিয়ামে। ব্যাংক থেকে বিক্রি হবে সর্বোচ্চ ১০ হাজার টিকিট। ম্যাচের টিকিটের মতো উদ্বোধনী অনুষ্ঠানের টিকিট নিয়েও কাড়াকাড়ি তাই নিশ্চিতই বলা যায়।