তিন দেশের হয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুগোস্লাভিয়া, সার্বিয়া ও মন্টেনেগ্রোর পর এবার সার্বিয়া—কাল ঘানার বিপক্ষে ম্যাচ দিয়ে তিন বিশ্বকাপে তিন দেশের হয়ে খেলার কীর্তি গড়লেন দেজান স্টানকোভিচ। স্টানকোভিচ নিজে এই কীর্তিকে বলছেন একটা ইতিহাস, ‘তিনটি ভিন্ন দেশের হয়ে তিনটি বিশ্বকাপ খেলতে পেরে আমি গর্বিত। সার্বিয়ার ফুটবলের জন্য এই দিনটা ঐতিহাসিক।’ইন্টার মিলানের মিডফিল্ডার স্টানকোভিচ ১৯৯৮-এর বিশ্বকাপে খেলেছিলেন যুগোস্লাভিয়ার হয়ে। যুগোস্লাভিয়া ভেঙে যাওয়ায় ২০০৬ সালের বিশ্বকাপে তিনি ছিলেন সার্বিয়া ও মন্টেনেগ্রো দলে। আর সার্বিয়া-মন্টেনেগ্রো আলাদা হয়ে যাওয়ার পর এবার খেলছেন সার্বিয়ার অধিনায়ক হয়ে। স্বাধীন সার্বিয়ার প্রথম বিশ্বকাপ বলে এবার নাকি বাড়তি প্রেরণাও পাচ্ছেন তিনি, ‘এটা আমাদের জন্য বাড়তি প্রেরণা, যদিও বিশ্বকাপে প্রথম ম্যাচ বলে সবাই কিছুটা স্নায়ুচাপে ভুগছে।’ প্রথম বিশ্বকাপ নিয়ে দলের কোচ রাদোমির অ্যান্টিকও স্টানকোভিচের মতোই রোমাঞ্চিত, ‘স্বাধীন দেশ হিসেবে বিশ্বকাপে আমরা এবারই প্রথম খেলছি। আর এই ব্যাপারটা আমাদের অনেক বেশি প্রেরণা জোগাচ্ছে, আত্মবিশ্বাসী করে তুলছে।’উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে ব্যর্থতার পর ২০০৮ সালে সার্বিয়ার দায়িত্ব নেন রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার সাবেক কোচ অ্যান্টিক। স্টানকোভিচের দৃষ্টিতে সার্বিয়ার ফুটবলটা বদলে যেতে শুরু করে এর পর থেকেই, ‘খুব স্পর্শকাতর একটা সময়ে জাতীয় দলের সামনে উদাহরণ হয়ে দাঁড়ান অ্যান্টিক। তিনি কী চান বা কী চান না, সেটা খুব দ্রুতই আমাদের বুঝিয়ে দেন। অভিজ্ঞতার কারণেই তিনি আমাদের বদলে দিতে সফল হন।’ এএফপি।আর এই বদলে যাওয়া দল নিয়ে বিশ্বকাপে ভালো করার ব্যাপারে দারুণ আশাবাদী স্টানকোভিচ, ‘আমাদের এই দলটা ২০ মাস ধরে একসঙ্গে আছে। সৌভাগ্যবশত এই ২০ মাসে দলটা বলতে গেলে অপরিবর্তিতই আছে। দলের সাফল্যের ব্যাপারে আমি নিশ্চিত। দলে অসাধারণ সব খেলোয়াড় আছে, আমরা প্রচুর গোলও করেছি। বিশ্বকাপে এসে হঠাৎ করে এ ধারা পরিবর্তনের কোনো কারণ নেই।’