তিন ধাপ দূরেই কিন্তু শিরোপা!
শেষ পর্যন্ত শেষ আটের দলগুলোর মধ্যে কোনো চমক থাকল না। অবশ্য আট দলের উঠে আসার ধরনে পার্থক্য থাকল। ইংল্যান্ড যেমন মরতে মরতে বেঁচে গেল, ভারত-দক্ষিণ আফ্রিকা উঠে গেল দাপটের সঙ্গে। তবে যে আট দল কোয়ার্টার ফাইনালে উঠেছে, তারা প্রত্যেকেই এর যোগ্য; কেবল শেষ আট নিশ্চিত করতে সময় একটু বেশি লাগল।আপনি যখন শেষ আটে উঠবেন, এই উপলব্ধিটা খুবই জরুরি— বিশ্বসেরা হতে আপনি আর তিনটা ম্যাচের দূরত্বে দাঁড়িয়ে আছেন। বিশ্বকাপ জিততে আপনার চাই আর তিনটি ভালো ফল। আবার কোয়ার্টার ফাইনাল এমন একটি জায়গা, যেখানে আপনি ঘুরে দাঁড়ানোর দ্বিতীয় সুযোগ পাবেন না। এটা সেদিক দিয়ে প্রতিটি দলের লক্ষ্য পূরণের শেষ সুযোগ।পরশু রাতে ভারত হারাল ওয়েস্ট ইন্ডিজকে। প্রত্যাশিত ফলাফলই বলব। চেন্নাইয়ের মতো উইকেটে ভারত অনেক রান করেছিল। ওয়েস্ট ইন্ডিজ তাই যখন শুরুর দিকে ভালোমতো রান তাড়া করছিল, তখনো অবাক হইনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে যাওয়ায় এমন একটা জয় ভারতের খুব দরকার ছিল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে এমন একটা জয় পেয়ে আহমেদাবাদে ওরা ঝরঝরে আত্মবিশ্বাস নিয়েই যাবে, যেখানে অপেক্ষায় আছে অস্ট্রেলিয়া। শেষ ম্যাচে ভালো খেলা অবশ্যই তাদের কাজে দেবে। যদিও এই ম্যাচে কে জিতবে, বলা মুশকিল।কোয়ার্টার ফাইনালের বাকি ম্যাচগুলোও কিন্তু আমার কাছে বেশ কৌতূহলোদ্দীপক মনে হয়েছে। ঢাকায় পাকিস্তানের মুখোমুখি হবে লড়াকু ওয়েস্ট ইন্ডিজ। ওখানকার উইকেট যে রকম, তাতে পাকিস্তান ভালো একটা স্কোর করতে পারলে জিতবে বলেই মনে হয়। আহমেদাবাদের লড়াইটা হবে দুই শিরোপাপ্রত্যাশীর তীব্র প্রতিদ্বন্দ্বিতার। ভালো খেলতে থাকা দক্ষিণ আফ্রিকার মুখোমুখি যেকোনো সময় চমকে দেওয়ার সামর্থ্য রাখা নিউজিল্যান্ড। শ্রীলঙ্কার সঙ্গে ইংল্যান্ড মুখোমুখি হচ্ছে সম্ভাব্য আরেকটি হূৎস্পন্দন বন্ধ করে দেওয়া ম্যাচে। শেষ মুহূর্তে শেষ আটের টিকিট পেয়েছে ইংল্যান্ড, অন্যদিকে শ্রীলঙ্কা কিন্তু খেলবে নিজেদের মাটিতেই।ইংল্যান্ডের জন্য ইতিবাচক একটা দিক আছে। দলে জেড ডার্নবাখের মতো কজন তরতাজা খেলোয়াড় আছে। ইংল্যান্ডের জন্য এটি হবে তাদের দলের গভীরতা ও শক্তি পরীক্ষা। গত ম্যাচে কেমার রোচকে বিশ্রাম দিয়ে ওয়েস্ট ইন্ডিজ যাকে এনেছিল, সেই রবি রামপলও কিন্তু ৫ উইকেট তুলে নিয়েছে।ভারতও কিন্তু শেষ ম্যাচে অশ্বিনকে পরখ করে দেখেছে। ও তো ভালোই করল। কোনো সমস্যা আমি দেখছি না। বরং আমি মনে করি, কোয়ার্টার ফাইনালের একাদশেও ও নিজের জায়গার দাবি রাখে। পুরো ভারতই চাচ্ছিল অশ্বিনকে যেন খেলানো হয়। ও সেই চাপ নিয়ে খেলেও ভালো করেছে।এভাবে উঠে আসার পর অ্যান্ড্রু স্ট্রাউস নিশ্চয় এখন শিরোপামঞ্চে দাঁড়ানোর স্বপ্ন দেখছে। স্ট্রাউসকে আসলে পরামর্শ দেওয়ার কিছুই নেই। ভালো খেললে ২ এপ্রিল মুম্বাইতে ওরা তো যাবেই।