
দুজনের গোল এগিয়ে দিয়েছে দলকে। আরেকজনের ২ গোল গুঁড়িয়ে দিয়েছে প্রতিপক্ষকে! পরশুর ম্যাচসেরা তিন গোলস্কোরার।
চিলির বিপক্ষে স্পেনের শুরুটা ছিল টিকি-টাকা ছন্দেই। কিন্তু গতিময় এক আক্রমণে চিলির প্রথম গোলেই ঘুরে যায় ম্যাচের মোড়। সেই গোলটি করেছেন এদুয়ার্দো ভার্গাস। জাবি আলোনসোর ভুল পাস থেকে বল পেয়েছিলেন আলেক্সিজ সানচেজ, আর্তুরো ভিদালের সঙ্গে ওয়ান-টু খেলে বল দিলেন চার্লস আরানগুইজকে। আরানগুইজের দুর্দান্ত পাস বক্সে খুঁজে পেল ভার্গাসকে। ক্যাসিয়াসকে ডজ দিয়ে মাটিতে লুটিয়ে বল জালে জড়ালেন ভার্গাস, মাটিতে লুটালেন স্পেনকে। গোলের পরও বেশ কবার আতঙ্ক ছড়িয়েছেন স্পেনের রক্ষণে।
প্রথম ম্যাচে ব্রাজিলের ডিফেন্সে গিয়ে যখন বারবার খেই হারাচ্ছিলেন ক্রোটরা, ডাগ-আউটে বসে তখন নখ কামড়াচ্ছেন মারিও মানজুকিচ। প্রথমবার বিশ্বকাপ খেলতে এলেন, দলের সেরা ফরোয়ার্ডও তিনি। অথচ নিষেধাজ্ঞার খাঁড়ায় কিনা প্রথম ম্যাচে হয়ে থাকতে হলো স্রেফ দর্শক! দলের হার পরে আক্ষেপটা নিশ্চয়ই আরও বাড়িয়েছিল। সবকিছুর শোধ তুললেন বুঝি পরশু ক্যামেরুনের বিপক্ষে। বিশ্বকাপ অভিষেকেই করলেন ২ গোল, পুড়ল ক্যামেরুন। তাঁকে কনুই মেরেই লাল কার্ড দেখলেন অ্যালেক্স সং। দলের বড় জয়ে সেটারও আছে বড় ভূমিকা। বাছাইপর্বে করেছিলেন ৪ গোল, তাঁর মানের বিচারে যেটি মোটেও ভালো কিছু নয়। তবে বিশ্বকাপ রাঙানোর ইঙ্গিত প্রথম ম্যাচেই।
আরিয়েন রোবেন ম্যাচসেরা হতে পারতেন প্রথম ম্যাচেই। জোড়া গোল করেছিলেন বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে, দুটি গোলই ছিল দুর্দান্ত। কিন্তু শেষ পর্যন্ত সেরার স্বীকৃতি পেয়েছিলেন সেদিন দলকে সমতায় ফেরানো দুর্দান্ত গোল করা রবিন ফন পার্সি। পরশু ৫ গোলের ম্যাচে প্রথম গোলেই সেরা রোবেন। গোলটিও অসাধারণ, চেনা রোবেন সেরা চেহারায়। দুর্দান্ত গতি, ড্রিবলিং আর তীব্র গতির শটে নিখুঁত ফিনিশিং। ফন পার্সি এদিনও করেছেন এক গোল, দল জিতেছে মেম্ফিস ডিপাইয়ের গোলে। কিন্তু অসাধারণ ওই গোলেই সেরা রোবেন।