তিন প্রধানকে ছাড়াই...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতা দিবস হকিতে বরাবরই খেলে আসছে ঢাকার ঐতিহ্যবাহী দুই দল আবাহনী-মোহামেডান। আরেক বড় দল ঊষা ক্রীড়াচক্রও। কিন্তু আজ থেকে শুরু স্বাধীনতা দিবস হকিতে অংশ নিচ্ছে না বড় দলগুলোর একটিও। প্রথম বিভাগের দল সাধারণ বীমা ও ওয়ারী ক্লাবের সঙ্গে নবাগত রামপুরা ক্রীড়া চক্র আর আরমানিটোলা জুনিয়র খেলবে এবারের টুর্নামেন্টে। থাকছে ‘সদা প্রস্তুত’ সার্ভিসেস দল বাংলাদেশ সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী ও পুলিশ। এই আট দলের টুর্নামেন্টে ‘প্রাণহীন হকি’ আরও আকর্ষণ হারাবে বলে মনে করছেন হকি অঙ্গনের অনেকেই।আবাহনীর হকি কমিটির যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ দোলন এমন টুর্নামেন্টকে বলছেন নামসর্বস্ব। তাঁর কথায় যুক্তি আছে। প্রিমিয়ার লিগ, প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগের খবর নেই। সর্বশেষ প্রিমিয়ার লিগ হয়েছিল গত বছরের মার্চে। সেটাও আগের মৌসুমের। সব মিলিয়েই বর্তমান ফেডারেশনের ওপর বিরক্ত এই কর্মকর্তা আবাহনীর না খেলার আরেকটি কারণও দেখালেন, ‘এই কমিটির অধীনে আমরা কী খেলব? ওরা তো হকির নিয়মকানুনই বোঝে না। বিজয় দিবস হকির সেমিফাইনালে জোর করে হারিয়ে দিল বিকেএসপিকে। এর আগে ক্লাব কাপের ফাইনালে মোহামেডান-ঊষার ম্যাচ খেলানো হলো ৪০ মিনিট। স্বাধীনতা কাপ-টাপ ওদের লোক-দেখানো কার্যক্রম। আসল খেলার কোনো খোঁজ নেই।’একই সুর মোহামেডানের হকি সম্পাদক সাজেদ আদেলেরও। তাঁর কথায়, ‘হকি এখন আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) চলে গেছে, তাকে লাইফ সাপোর্ট দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে মাত্র।’ তবে এই টুর্নামেন্টে অংশ না নেওয়ার কারণ হিসেবে বললেন খেলোয়াড়-সংকটের কথা, ‘মোহামেডান সব সময়ই চ্যাম্পিয়নশিপ লড়াইয়ের জন্য দল গড়ে। কিন্তু এবার আমাদের গুরুত্বপূর্ণ খেলোয়াড় চয়ন, রানা, তাপস দেশে নেই। ওরা অস্ট্রিয়ায় খেলতে গেছে। গোলরক্ষক মেহরাবও ইতালিতে পাড়ি জমিয়েছে। এই অবস্থায় মোহামেডান কীভাবে খেলবে?’ ঊষা কর্মকর্তা রশিদ শিকদার বললেন, ‘আমরা ইচ্ছা করেই এই টুর্নামেন্টে অংশ নিচ্ছি না। তবে পরের কোনো টুর্নামেন্টে অবশ্যই খেলব।’টুর্নামেন্ট কমিটির সম্পাদক হাসানউদ্দিন আহমেদ শিমুল জানালেন, ‘আমরা খেলা শুরুর মাস খানেক আগে প্রতিটি ক্লাবকে চিঠি দিয়েছি। কিন্তু কেউ যদি খেলতে অস্বীকৃতি জানায়, তাহলে আমাদের কী করার আছে?’