তিন ফুসফুসের ডি মারিয়া!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

পরশু বুয়েনস এইরেসের উপকণ্ঠ এজেইজাতে যখন শুরু হলো আর্জেন্টিনার অনুশীলন, দলের একজন সবে পা রাখলেন বুয়েনস এইরেসের বিমানবন্দরে৷ উড়ে এসেছেন মাদ্রিদ থেকে৷ আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের ট্রেনিং কমপ্লেক্সে যখন অনুশীলন করছেন মেসিরা, সেই একজন তখন ব্যক্তিগত বিমানে নিজের শহর রোজারিওর পথে৷ কোনো বিতর্ক বা দ্বন্দ্বের গন্ধ অবশ্য নেই এতে৷ বিশেষ ছুটি দেওয়া হয়েছে ওই একজনকে, বলতে পারেন পারফরম্যান্সের স্বীকৃতি৷ রিয়াল মাদ্রিদের হয়ে দুর্দান্ত একটি মৌসুমের পর ওই ছুটি অ্যাঙ্গেল ডি মারিয়ার প্রাপ্যই!
ক্লাবের হয়ে দুর্দান্ত ফর্মে থাকা ডি মারিয়াকে বিশ্বকাপেও একই চেহারায় চায় আর্জেন্টিনা৷ ক্লান্তি দূর করে চনমনে হয়ে আসতেই এই কদিনের ছুটি৷ এমনিতে অবশ্য ডি মারিয়াকে মনে করা হয় দলের সবচেয়ে ফিট ফুটবলারদের একজন৷ কারও কারও মতে, সবচেয়ে ফিট৷
গত বছরের মার্চে বিশ্বকাপ বাছাইপর্বে বলিভিয়ার বিপক্ষে লা পাজে ১-১ গোলে ড্র ম্যাচের পর আর্জেন্টিনায় ডি মারিয়ার নামই তো হয়ে গেল থ্রি লাংস—তিন ফুসফুস৷ লাপাজের উচ্চতায় যেখানে সবার নাভিশ্বাস উঠে গিয়েছিল, ডি মারিয়া সেখানে ম্যাচ শেষেও তরতাজা! ফুটবলে এত দিন এই উপমা কেবল একজনের জন্যই বরাদ্দ ছিল৷ অফুরন্ত দম, পুরো ম্যাচ একই গতিতে মাঠজুড়ে বিচরণ করতে পারার কারণে ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কোরিয়ান তারকা পার্ক জি সুংকে বলা হয় ‘থ্রি লাংস পার্ক৷’ গত কিছুদিনের পারফরম্যান্সে ডি মারিয়া এই বিশ্বাসটা ছড়াতে পেরেছেন যে তাঁরও ফুসফুস তিনটি! গত শনিবার চ্যাম্পিয়নস লিগ ফাইনালের কথাই মনে করুন৷ অতিরিক্ত সময়ে যখন মনে হচ্ছিল কারও পা আর চলছে না, ১২০ মিনিট খেলার পরও ডি মারিয়াকে মনে হচ্ছিল যেন খেলতে পারবেন আরও ৯০ মিনিট!
যে দলে লিওনেল মেসি আছেন, সেখানে বাকি সবার আড়ালে থাকাটাই নিয়িত৷ কিন্তু সদ্যসমাপ্ত ইউরোপিয়ান মৌসুমে ডি মারিয়ার পারফরম্যান্স এমনই যে আর্জেন্টিনার প্রসঙ্গে মেসির পর একটু দম নিয়েই বলতে হচ্ছে ডি মারিয়ার নাম৷ লা লিগায় এবার সবচেয়ে বেশি গোলে সহায়তা করেছেন তিনিই (১৭)৷ দুর্দান্ত খেলেছেন চ্যাম্পিয়নস লিগে৷ ফাইনালে তো অসাধারণ পারফরম্যান্সে জিতে নিলেন ম্যাচসেরার পুরস্কার৷ অতিরিক্ত সময়ে রিয়ালকে এগিয়ে দেওয়া গ্যারেথ বেলের গোলটি এল ডি মারিয়ার অসাধারণ এক পাস থেকেই৷
এমন পারফরম্যান্স অবশ্য অনেক আগে থেকেই প্রত্যাশিত ছিল তাঁর কাছে৷ প্রতিভা নিয়ে সংশয় ছিল না কখনোই৷ নিজ শহরের দল সেন্ট্রাল রোজারিওতে খেলার সময়ই নজরে পড়েন বেনফিকার৷ তরুণ প্রতিভাকে আর্জেন্টিনা থেকে ইউরোপে নিয়ে আসে পর্তুগিজ ক্লাবটি৷ বেনফিকার হয়ে পারফরম্যান্সেই নজর কাড়েন হোসে মরিনহোর৷ মরিনহো রিয়ালের দায়িত্ব নেওয়ার মাস খানেক পরই নিয়ে আসেন ডি মারিয়াকে৷ ‘স্পেশাল ওয়ানে’র কোচিংয়ের তিন বছর ডি মারিয়ার কেটেছে চড়াই-উতরাইয়ে৷ কখনো দেখিয়েছেন প্রতিভার প্রত্যাশিত ঝলক, কখনো হতাশ করে কড়া সমালোচনা হজম করেছেন মরিনহোর কাছ থেকেই৷ এই মৌসুমে বেলকে আনার পর মাদ্রিদ ছেড়ে যাওয়ার গুঞ্জনও শোনা যাচ্ছিল৷ কিন্তু শেষ পর্যন্ত থেকে যান৷ জানতেন, রোনালদো-বেলদের মাঝে জায়গা করে নিতে প্রয়োজন বিশেষ কিছু৷ কার্লো আনচেলত্তির কোচিংয়ে ডি মারিয়া দেখিয়েছেন বিশেষ কিছুই৷
আলেসান্দ্রো সাবেলা হয়তো ডি মারিয়াকে কাজে লাগাবেন আনচেলত্তির মতো করেই৷ মাচেরানো-গ্যাগোদের পাশে খেলবেন লেফট ফ্লাঙ্কে৷ বলের জোগান দেবেন হিগুয়েইন-মেসি-আগুয়েরোদের জন্য৷ সুযোগ পেলে নিজেও খুঁজবেন গোলের ঠিকানা৷ মঙ্গলবার দেশে ফিরে আর্জেন্টাইন রেডিও লা রেডকে বলেছেন, ‘মেসি আমাদের অধিনায়ক, অর্কেস্ট্রার পরিচালক৷ আমরা সবাই অনুসরণ করব ওকে৷’ তবে আর্জেন্টাইনরা যেমন জানে, তিনি নিজেও জানেন, দলের জন্য এবার তিনি কতটা গুরুত্বপূর্ণ৷ আর দায়িত্ব নেওয়ার জন্য এখন যথেষ্টই চওড়া ডি মারিয়ার কাঁধ! ওয়েবসাইট৷