তিন বছর পর জাতীয় কাবাডি
পাঁচ বছর আগে তিন বছরের জন্য ১ কোটি ৮০ লাখ টাকা দেওয়ার চুক্তিতে কাবাডিতে এসেছিল ভোজ্যতেল কোম্পানি বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেড (বিইওএল)। টানা দুই বছর পৃষ্ঠপোষকতা করলেও ফেডারেশন কর্মকর্তাদের অস্বচ্ছ কার্যক্রমে ক্ষুব্ধ হয়ে সরে দাঁড়ায় প্রতিষ্ঠানটি। এরপর থেকেই বন্ধ ছিল জাতীয় কাবাডি। তিন বছর পর আবারও কাবাডিতে ফিরেছে বিইওএল। আবারও জাতীয় প্রতিযোগিতার আয়োজন করছে কাবাডি ফেডারেশন। মাঝে শুধু ২০১৩ সালে একবার বাংলাদেশ গেমসে অংশ নিয়েছিল কাবাডি।
৩০ মে শুরু হচ্ছে মিজান ফর্টিফাইড পাম অলিন আন্তজেলা ও জাতীয় কাবাডি। আঞ্চলিক পর্বে সারা দেশের সাতটি ভেন্যুতে খেলবে ৩১টি জেলা। ঢাকায় সেবা অঞ্চলে খেলবে সাতটি সার্ভিসেস দল—সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, বিজিবি, বাংলাদেশ জেল ও ফায়ার সার্ভিস।
প্রথমে সাত ভেন্যুর চ্যাম্পিয়ন দলগুলো নিয়ে ঢাকায় ৯-১১ জুন হবে আন্তজেলার চূড়ান্ত পর্ব। এরপর এই পর্বের সেমিফাইনালের এবং সেবা অঞ্চলের সেরা চারটি দলকে নিয়ে ১২-১৪ জুন হবে জাতীয় কাবাডির চূড়ান্ত পর্ব।
আবারও কাবাডিতে ফিরতে পেরে দারুণ খুশি পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কর্মকর্তা ফয়সাল মাহমুদ। কাল জাতীয় কাবাডি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জানালেন, ঢাকায় ভারত, ইরান, জাপান, শ্রীলঙ্কা, পাকিস্তানকে নিয়ে একটি আমন্ত্রণমূলক কাবাডি টুর্নামেন্টের পরিকল্পনা রয়েছে তাঁদের। এরই মধ্যে এসব দেশকে খেলতে প্রস্তাবও পাঠিয়েছে ফেডারেশন। যদিও অনেক দেশ বাংলাদেশে আসা-যাওয়ার বিমান ভাড়া চেয়েছে।