তিন বছর পর জিমন্যাস্টিকস
শেরপুরের সুরভি, নার্গিস, সুমন ও শিশির; বগুড়ার রুবেল; কিশোরগঞ্জের মেহনাজ; বাগেরহাটের আজবীনা; জয়পুরহাটের শামীম; দিনাজপুরের কলি, সরণি, শর্মি, পাপড়ি ও তনু—কারও বয়স পাঁচ-ছয়, কারও সাত-নয়। এরা সবাই এসেছিল ৩১তম সিনিয়র ও ২০তম জুনিয়র জাতীয় জিমন্যাস্টিকসে অংশ নিতে।শুধু এরাই নয়, গতকাল যে ৬০ জন প্রতিযোগী নিয়ে জাতীয় জিমন্যাস্টিকসের জুনিয়র বিভাগের প্রতিযোগিতা হলো, অধিকাংশের বয়সই ১০-এর নিচে। প্রশিক্ষণবিহীন কিংবা নামমাত্র অনুশীলন করা এসব শিশু-কিশোর জিমন্যাস্টিকস কী সেটাই ভালো বোঝে না। তাই ফলাফল যা-ই হোক, ঢাকায় এসে জাতীয় প্রতিযোগিতায় অংশ নেওয়াটাই তাদের কাছে বড় তৃপ্তি। দারিদ্র্য-জর্জরিত এসব শিশু-কিশোরের চোখে-মুখেও খেলা করছিল সেই তৃপ্তির আভা।তৃপ্তির আভা ঝিলিক দিয়ে যাচ্ছিল বোরহানের চোখ-মুখেও। তা আনন্দে উৎফুল্ল তার হওয়ারই কথা। ছেলেদের চার বিভাগের সকালে অনুষ্ঠিত দুই বিভাগেই সোনা জিতেছে বিকেএসপির এই ছাত্র। তবে সোনা জয়ের আনন্দের এক পাশে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ছেলেটির হতাশাও আছে। জিমন্যাস্টিকস নিয়মিত হয় না। চার বছর ধরে সে বিকেএসপির ছাত্র অথচ জাতীয় জিমন্যাস্টিকসে অংশ নিতে পারল এই প্রথম। এর কারণ ২০০৭ সালের তিন বছর পর আবার হচ্ছে জাতীয় জিমন্যাস্টিকস! মাঝে শুধু মহানগরী কাপ হয়েছিল একবার। স্বাধীনতা দিবস, বিজয় দিবস টুর্নামেন্ট—সবই যেন নির্বাসনে!জুনিয়র জিমন্যাস্টিকসের ছেলেদের ৪ বিভাগেই সোনা বিকেএসপির। মেয়েদের বিভাগেও প্রাধান্য বিকেএসপিরই। সকালে দুটি সোনাই তাদের। নিয়মিত অনুশীলন করা বিকেএসপির ছেলেমেয়েদের সঙ্গে অন্যদের পেরে ওঠার প্রশ্নই ওঠে না! আনসার-ভিডিপি ও ১৪টি জেলা দলের অংশ নেওয়া শুধুই অংশ নেওয়ার তৃপ্তিতে! একসময় জিমন্যাস্টিকসের মেরুদণ্ড ছিল দিনাজপুর। সেই দিনাজপুরে থেকে এবারও ছয়-ছয় করে ১২ জন ছেলেমেয়ে অংশ নিয়েছে। কিন্তু অনুশীলনে ঘাটতি থাকায় সাফল্যের খাতা শূন্য।২০০৭ সালের পর এবার আবার টুর্নামেন্ট হচ্ছে। নিয়মিত টুর্নামেন্ট হয় না কেন? উত্তরে জিমন্যাস্টিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আহমেদুর রহমান বললেন, ‘এসএ গেমসের ছয় মাস আগে থেকেই আমরা জিমন্যাস্টিকস ফ্লোর বরাদ্দ পাচ্ছিলাম না। ক্রীড়া পরিষদে বারবার চিঠিও দিয়েছি। কিন্তু এসএ গেমস, কমনওয়েলথ গেমস ও এশিয়ান গেমসের জন্য ক্রীড়া পরিষদ অন্য ইভেন্ট চালিয়েছে।’ সঙ্গে যোগ করলেন, টাকার সমস্যার কথাও। তাই বলে চার বছর পর জাতীয় প্রতিযোগিতা? আহমেদুর রহমান এবার বললেন, ‘সদিচ্ছা থাকলে অবশ্য সমস্যার মধ্যে টুর্নামেন্ট করা যায়। ভবিষ্যতে নিয়মিতই আয়োজন করা হবে টুর্নামেন্ট।’