তিন বছর পর টিনো বেস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনন্দে প্রায় অর্ধেক মাঠ চক্কর দিয়ে ফেলা, দর্শকের কাছাকাছি ছুটে যাওয়া, সঙ্গে মাটিতে গোটা কয়েক ডিগবাজি। ভাবছেন, কোনো ফুটবলারের গোল-উদ্যাপন! সেটাই হয় সাধারণত। তবে ফুটবলের গোল-উদ্যাপন ক্রিকেটের উইকেট উদ্যাপনে নিয়ে এসেছিলেন একজন। বল হাতে প্রতিশ্রুতিশীল ছিলেন, তবে টিনো বেস্ট আলোড়ন তুলেছিলেন ওই উদ্যাপন দিয়ে। প্রতিশ্রুতির প্রতিফলন মাঠের ক্রিকেটে রাখতে পারেননি। তবে এই ৩০ বছর বয়সে সুযোগ পেয়েছেন ক্যারিয়ার পুনরুজ্জীবিত করার। ডাক পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে। ক্যারিয়ারের নতুন মোড়ে দাঁড়িয়ে দারুণ রোমাঞ্চিত বারবাডিয়ান পেসার।শ্যানন গ্যাব্রিয়েলের দুর্ভাগ্য বেস্টের জন্য বয়ে এনেছে সৌভাগ্য। অভিষেক টেস্ট খেলেই চোট নিয়ে ফিরে গেছেন গ্যাব্রিয়েল, তিন বছর পর এসেছেন বেস্ট। কাল শুরু টেস্টে জায়গা হবে কি না, ঠিক নেই। তবে বেস্ট মাঠে নামতে মুখিয়ে আছেন, ‘ওয়েস্ট ইন্ডিজকে আবার প্রতিনিধিত্ব করার জন্য আমি অপেক্ষা করছিলাম। সুযোগ পেয়েছি আমার ব্যাগি মেরুন মাথায় তোলার। আমি ফিট ও প্রস্তুত। নিয়মিত অনুশীলন ও কঠোর পরিশ্রম করছি, সুযোগের অপেক্ষায় আছি।’১৪ টেস্টে ২৮ উইকেট নিয়েছেন বেস্ট, ২০০৯ সালে বাংলাদেশের বিপক্ষে খেলেছিলেন সর্বশেষ টেস্ট। ইংলিশ কন্ডিশনে অভিজ্ঞতা হয়তো দলে ফেরায় বড় ভূমিকা রেখেছে। ২০০৪ সালে জাতীয় দলের সঙ্গে এসেছিলেন, গত বছর কাউন্টি খেলেছেন ইয়র্কশায়ারে। প্রত্যাশাটা জানেন বেস্টও, ‘আমি জানি আমাকে কী করতে হবে। ইংলিশ কন্ডিশন সম্পর্কে ধারণাটা কীভাবে কাজে লাগাতে হবে, সেটাও জানা আছে। সুযোগটা পেয়ে আমি উচ্ছ্বসিত, এটাকে কাজে লাগাতে চাই।’ এএফপি।