তিন বছর পর ফিরলেন ফরহাদ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে বাদ পড়ার কারণ ছিল ওয়ানডের পারফরম্যান্স। সেখানে ওয়ানডে দলে থাকার তো প্রশ্নই আসে না। ছিলেন না প্রস্তুতি ক্যাম্পেও। অনুমিতভাবেই পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে জায়গা হয়নি মোহাম্মদ আশরাফুলের। জায়গা হারিয়েছেন শুভাগত হোম ও সোহরাওয়ার্দী শুভও। প্রথমবারের মতো ওয়ানডে দলে জায়গা পেয়েছেন ইলিয়াস সানি। আর তিন বছর পর জাতীয় দলে ফিরেছেন অলরাউন্ডার ফরহাদ রেজা।অসুস্থতার কারণে পুরো ওয়েস্ট ইন্ডিজ সিরিজে না খেলা সহ-অধিনায়ক মাহমুদউল্লাহও ফিরেছেন দলে। কাল ঘোষিত ওয়ানডে দল ১৫ জনের হলেও টি-টোয়েন্টি দল ১৪ জনের। শাহরিয়ার নাফীস নেই টি-টোয়েন্টিতে।ওয়ানডেতে আশরাফুলের সর্বশেষ ফিফটি গত বছরের জানুয়ারিতে। এরপর ১৮ ইনিংসের ১০টিতেই আউট হয়েছেন দুই অঙ্ক ছোঁয়ার আগে, ১০.১১ গড়ে করেছেন ১৮২ রান। শুভাগত ও শুভ—দুজনই এখন ‘এ’ দলের হয়ে আছেন ওয়েস্ট ইন্ডিজ সফরে। দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে একটি ম্যাচ খেললেও ব্যাট করার সুযোগ পাননি শুভাগত। তবে ‘এ’ দলের হয়ে উইন্ডিজ সফরে রান পাননি। দুটি বেসরকারি টেস্টের ৪ ইনিংসে করেছেন ৪১, দুটি টি-টোয়েন্টিতে ৯ ও ১ এবং প্রথম ওয়ানডেতে করেছেন ২৪।শুভাগতর মতো উইন্ডিজ সিরিজের শেষ ওয়ানডেটি খেলেছেন শুভ, উইকেট পান ১টি। ‘এ’ দলের হয়ে অবশ্য দুটি বেসরকারি টেস্টে ১৬ উইকেট পেয়েছেন। ১টি করে পেয়েছেন দ্বিতীয় টি-টোয়েন্টি ও প্রথম ওয়ানডেতে। তিনি জায়গা হারিয়েছেন আরেক বাঁহাতি স্পিনার সানির কাছে। অভিষেক টেস্টের পারফরম্যান্সে ওয়ানডে দলেও ঢুকে গেছেন সানি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রামে অভিষেকে ম্যাচসেরা হয়েছিলেন ৭ উইকেট নিয়ে।‘এ’ দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজে আছেন ফরহাদও। ২০০৬ সালে প্রথম বাংলাদেশি হিসেবে অভিষেক ওয়ানডেতে ফিফটি করেছিলেন ফরহাদ। ২০০৮ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে দেশের মাটিতে এক ম্যাচে পেয়েছিলেন ৫ উইকেট। তাঁর মাঝে পেস-বোলিং অলরাউন্ডার সমস্যার সমাধান খুঁজছিল বাংলাদেশ। তবে ২০০৮ সালে চলে যান আইসিএলে। এরপর ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্স এমন আহামরি কিছু না হলেও ব্যাটে-বলে মোটামুটি ধারাবাহিক ছিলেন। সর্বশেষ ‘এ’ দলে চোট পাওয়া আলাউদ্দিন বাবুর বদলি হিসেবে যান ওয়েস্ট ইন্ডিজ। একটি বেসরকারি টেস্টে ৩ উইকেট নেওয়ার পাশাপাশি ৩৯ রান করে অপরাজিত থাকেন। প্রথম টি-টোয়েন্টিতে ৩ উইকেট নিয়ে ও ১৮ রান করে হন ম্যাচসেরা। এই পারফরম্যান্স তো আছেই, তবে একজন পেস বোলিং-অলরাউন্ডারের অভাবেই হয়তো না নির্বাচকদের আবার মনে পড়ল ফরহাদ রেজার কথা।ওয়ানডে ও টি-টোয়েন্টি দলমুশফুিকর রহিম (অধিনায়ক), মাহমুদউল্লাহ, তামিম ইকবাল, ইমরুল কায়েস, সাকিব আল হাসান, অলক কাপালি, নাঈম ইসলাম, নাসির হোসেন, আবদুর রাজ্জাক, শফিউল ইসলাম, রুবেল হোসেন, নাজমুল হোসেন, ইলিয়াস সানি, ফরহাদ রোজা, শাহরিয়ার নাফীস (শুধু ওয়ানডের জন্য)।