১৪ আগস্ট সংবাদমাধ্যমকে ডেকেছিলেন মতবিনিময় সভায়। নিজ বাসভবনে সাবের হোসেন চৌধুরী কাল আবার বসলেন সংবাদমাধ্যমের সঙ্গে। মতবিনিময় সভার মোড়কে আদতে যা সংবাদ সম্মেলন। ঘণ্টা খানেকের আলোচনার বেশিটাই জুড়ে থাকল পুরোনো কথাগুলো। তবে নতুন করে যোগ হলো মাঠের ক্রিকেট। সঙ্গে থাকল জবাব পাল্টা-জবাব, আশঙ্কা, সম্ভাবনা, বাস্তবতা আর ভাবনা। নিজের বক্তব্যে সাবের হেসেন তুলে ধরেছেন তিনটি বিষয়। প্রথমেই মাঠের ক্রিকেট। ইংল্যান্ড ও সিঙ্গাপুরে বাংলাদেশের তিনটি দলের পারফরম্যান্স নিয়ে দেশের ক্রিকেটামোদীদের যে হতাশা, সেই সুরটা ধরতে চাইলেন সাবেক বিসিবি প্রধান, ‘দেখুন, এখানে দুটো দিক আছে। একটা হলো বাংলাদেশের ক্রিকেট, মানে খেলা। আর খেলাটা যারা পরিচালনা করে, অর্থাৎ বোর্ড। আমাদের অনূর্ধ্ব-১৯, ২৩ ও ‘এ’ দল যেভাবে হারছে, সেদিকে ক্রিকেট বোর্ডের কোনো দৃষ্টি দেখছি না। বাংলাদেশের ক্রিকেট বোর্ডের চেয়েও গুরুত্বপূর্ণ। নির্বাচন নিয়ে কত সভা, মতবিনিময় সভা, টেলিভিশন ডেকে মুখ দেখানো হচ্ছে, অথচ দলগুলোর বিপর্যয় নিয়ে তাৎক্ষণিক একটি জরুরি সভা নেই। খেলার দিকে নজর না দিলে শুধু বোর্ডই থেকে যাবে, খেলা আর হবে না।’পরশু জেলা ও বিভাগীয় প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন বর্তমান বোর্ডপ্রধান নাজমুল হাসান। নাজমুলকে স্বাগত জানালেন সাবের, সঙ্গে তুললেন একটি অভিযোগ। জানিয়ে রাখলেন শঙ্কার কথাও, ‘বর্তমান বোর্ড সভাপতিকে স্বাগত জানাই। নির্বাচন মানেই প্রতিদ্বন্দ্বিতা। রাজনৈতিক পরিচয় নিয়ে আমরা এই নির্বাচন করছি না। এক দলের দুজনের নির্বাচন করাকে বরং ইতিবাচকই দেখছি। আমি যে দলের রাজনীতি করি, সেই দলও প্রতিটি ক্ষেত্রে গণতন্ত্রে বিশ্বাস করে। সব সময়ই বলে আসছি লেভেল প্লেয়িং ফিল্ড চাই। নির্বাচনী তফসিল ঘোষণার পর নয়, অনেক আগে থেকেই এটা হবে। বর্তমান বোর্ড সভাপতি যদি মতবিনিময় সভা করতে চান, তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু সেটা অবশ্যই ক্রিকেট বোর্ডের কাঠামোয় বা কার্যালয়ে বা বোর্ডের সুযোগ-সুবিধা নিয়ে করা উচিত নয়। যেহেতু তিনি নিজেই এখন প্রার্থী। ক্রিকেট বোর্ডে এসব করলে লেভেল প্লেয়িং ফিল্ড থাকে না।’সাবের-নাজমুলের নির্বাচনী ‘লড়াই’ শুধু ক্রিকেট বা ক্রীড়াঙ্গন নয়, গোটা দেশেরই এখন আলোচিত বিষয়। দুজনই ক্ষমতাসীন আওয়ামী লিগের সাংসদ, দুজনেরই ক্রীড়াঙ্গনে পা রাখা আবাহনী ক্লাব দিয়ে। নাজমুল হাসান এবং তাঁর পরিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনেক ঘনিষ্ঠ বলেই জানেন সবাই। ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিয়ে সাবেরের শঙ্কায় প্রশ্ন উঠল তাই সরকার কি সত্যিই স্বচ্ছ নির্বাচন চায়?এখানে প্রধানমন্ত্রীর প্রতি সাবেরের অগাধ আস্থা, ‘আমি নিশ্চিত, সরকার স্বচ্ছ নির্বাচন চায়। আমি সরকারের বিভিন্ন পর্যায়ে একটা কথাই বলেছি, এটা আমাদের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ। আমরা যে রাজনৈতিক দল করি বা পছন্দ করি, সেটা কিন্তু কিছু মূল্যবোধের কারণে। আমি আওয়ামী লীগকে পছন্দ করি দলটায় গণতন্ত্রে বিশ্বাসী বলে। এই যে খোলামেলাভাবে কথা বলছি, এটাও গণতন্ত্রের একটি নমুনা। এখন পর্যন্ত প্রশাসন হস্তক্ষেপ করছে না। আশা করি, এমনটাই থাকবে।’সাবেরের তৃতীয় পয়েন্ট ছিল দুর্নীতি। ফিক্সিং বিতর্কে বিসিবির পদক্ষেপ নিয়ে বোর্ডকে ধন্যবাদ জানালেন। তবে সাবের তুলে ধরতে বললেন সামগ্রিক দুর্নীতির চিত্র। আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের স্টেডিয়াম নির্মাণ ও সংস্কারকাজ দরপত্র ছাড়াই বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দেওয়ায় কিছুদিন ধরেই তোলপাড় ক্রিকেটাঙ্গনে। সাবের এসবের মধ্যে পাচ্ছেন বর্তমান বোর্ডের দুর্নীতির গন্ধ। একই দলের একজন সাংসদের বিরুদ্ধে আরেকজনের দুর্নীতির ইঙ্গিতটাও চমকপ্রদ। এতে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে না? সাবেরের উত্তর, ‘এখানে দল বা সরকারের বিষয় নয়। সরকার তো ওখানে বসে দুর্নীতি করছে না! কে সভাপতি ছিল এটা দেখার বিষয় নয়। সভাপতি যে-ই হোন, দুর্নীতির দায়িত্ব তাকেই নিতে হবে।’নির্বাচন নিয়ে জটিলতা, অভিযোগের কথা উঠল আরও। আবারও নাজমুল হাসানকে আমন্ত্রণ জানালেন টেলিভিশন ‘টক শো’ বা সংবাদমাধ্যমে সামনাসামনি বিতর্কের। যদিও তাঁর দাবি, ‘অনেকবার আমন্ত্রণ জানালেও পাপন (নাজমুল) সাহেব রাজি হচ্ছেন না।’