তিন ভেন্যুতে ‘ম্যাচ ডে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘরোয়া ফুটবল কাঠামো ঢেলে সাজানোর কথা বেশ কিছুদিন ধরেই বলে আসছিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। সে কাজে তিনি অনেকটাই এগিয়ে গেছেন। আগামী ফুটবল মৌসুমের জন্য তৈরি করেছেন খসড়া একটা ছক, যা বড়সড় একটা পরিবর্তনেরই ইঙ্গিত দিচ্ছে। নতুন পদ্ধতি অনুমোদনের জন্য ১৩ জুলাই ফেডারেশনের নির্বাহী কমিটির সভায় তোলা হবে।সালাউদ্দিন গতকাল জানান, আগামী মৌসুমে ঘরোয়া ফুটবলের ভেন্যু হবে অন্তত তিনটি। ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়াম, চট্টগ্রাম এমএ আজিজ ও সিলেট স্টেডিয়াম। লিগ ও টুর্নামেন্ট হবে এই তিন ভেন্যুতে। খুলনা অথবা যশোরের মধ্যে যেকোনো একটিকে নেওয়ার চিন্তাভাবনা চলছে। তবে সেটি চূড়ান্ত কিছু নয়। তিন বা চার ভেন্যু যে কটিই হোক, বর্তমান কাঠামোর হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতি বাতিল হচ্ছে। যদিও মাঠের অভাবে এই পদ্ধতি কাগজে থাকলেও বাস্তবে নেই বাংলাদেশে। গত মৌসুমে যেমন খেলা হয়েছে বঙ্গবন্ধু স্টেডিয়াম ও ফেনী স্টেডিয়ামে। এবার ফেনীতে ভেন্যু থাকছে না, এটা নিশ্চিত। নতুন পরিকল্পনায় লিগে ‘ম্যাচ ডে’ বলে একটা দিন রাখা হয়েছে। অর্থাৎ শুক্র অথবা শনিবার ‘ম্যাচ ডে’ হবে এবং ওই দিন তিন ভেন্যুতে সপ্তাহের সব ম্যাচ হবে। এবারের লিগ ১১ দল নিয়ে আয়োজনের পরিকল্পনা চূড়ান্ত। গতবার নয় দলের লিগ থেকে অবনমিত আরামবাগকে বিশেষ বিবেচনায় রাখা হচ্ছে, যোগ হচ্ছে দ্বিতীয় স্তর থেকে উত্তীর্ণ দুই দল চট্টগ্রাম আবাহনী ও উত্তর বারিধারা।এই ১১ দল নিয়ে লিগ হলে প্রতি সপ্তাহে একটি দল বিশ্রাম পাবে এবং ম্যাচ হবে পাঁচটি। ওই পাঁচটি ম্যাচই একই দিনে হবে তিন ভেন্যুতে। প্রস্তাবিত ছকে এটাই সবচেয়ে বড় পরিবর্তন। কোনো ভেন্যুতে বিশেষ কারণে ম্যাচ না হলে শনি বা মঙ্গলবার ‘রিজার্ভ ডে’তে ওই ম্যাচ হবে। তার মানে লিগে প্রতি সপ্তাহে একটা করে ম্যাচ পাবে দলগুলো। মাসে সাকল্যে চারটি। ফিফার নিয়ম অনুযায়ী পেশাদার দলগুলোকে বছরে অন্তত ৪০টি ম্যাচ দিতে হবে। কিন্তু গতবার লিগ-টুর্নামেন্ট মিলিয়ে প্রিমিয়ারের দলগুলো পেয়েছে সর্বোচ্চ ২৫টি আর চ্যাম্পিয়নশিপের দলগুলো ১৯টি করে। নতুন পদ্ধতিতে প্রিমিয়ারের দল পাবে ৩০টি ম্যাচ, চ্যাম্পিয়নশিপে ২৮। তার মানে বড়সড় ঘাটতি থেকেই যাচ্ছে।এই ঘাটতি দূর করতে আস্তে আস্তে এগোনোর পরিকল্পনা সালাউদ্দিনের। সামনের মৌসুমের পরের মৌসুম পেশাদার লিগে একটি দল বাড়িয়ে ১২টি করার চিন্তা আছে। বাফুফে ভবনে এসে নতুন এই ছক তৈরিতে অগ্রণী ভূমিকা রেখেছেন সালাউদ্দিনের জামাতা অ্যালেক্স। সালাউদ্দিন বলছিলেন, ‘অ্যালেক্স বাইরের দুনিয়ার অনেক ফরম্যাট দেখে এটা দাঁড় করিয়েছে। বর্তমান অবস্থায় ফুটবল শুধুই ঢাকাকেন্দ্রিক। দলগুলোকে ঢাকার বাইরে ভেন্যু নিতে বললে নেয় না। তাই আমরা নিজেরাই অনেক ভেবেচিন্তে ঢাকা, চট্টগ্রামে, সিলেটে খেলা দিচ্ছি ফুটবল ছড়িয়ে দিতে। এই ভেন্যুগুলো বাফুফের তত্ত্বাবধানেই থাকবে। সপ্তাহে লিগের পাঁচটি ম্যাচই তিন ভেন্যুতে রাখছি একই দিনে। এখন ফেডারেশন অনুমোদন দিলেই হয়।’নতুন পদ্ধতিতে ফেডারেশন কাপ ও স্বাধীনতা কাপের ছকেও আসছে পরিবর্তন। আগে এ দুটি টুর্নামেন্টের বাছাইপর্ব থাকলেও এবার সরাসরি গ্রুপ পর্ব হবে। ফেডারেশন কাপে সর্বোচ্চ ২৫টি এবং স্বাধীনতা কাপে ২০টি দল খেলবে গ্রুপ পর্বে, যা হবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে। ঢাকায় হবে শুধু নকআউট পর্ব। তবে সুপার কাপে ছয়টি দল রাখার পক্ষে সালাউদ্দিন। সে ক্ষেত্রে আকর্ষণীয় এই টুর্নামেন্টটা শুধু ঢাকাতেই হওয়ার সম্ভাবনা।