তিন মাঠে তিন সেঞ্চুরি
জিতেছে তিন মাঠের তিন সেঞ্চুরিয়ানের দল। বিকেএসপিতে রনি তালুকদারের ১৫৪ রানের ইনিংসের কল্যাণে ওল্ড ডিওএইচএসকে ৯৮ রানে হারিয়েছে আবাহনী। বড় জয় পেয়েছে মোহামেডানও। তামিম ইকবালের অপরাজিত ১৩৫ রান তাদের ৮ উইকেটে জিতিয়েছে বিকেএসপির বিপক্ষে। আর শাহরিয়ার নাফীসের সেঞ্চুরি (১১৪*) বিমানের বিপক্ষে গাজী ট্যাংককে জিতিয়েছে ৫ উইকেটে।এই তিন সেঞ্চুরিয়ানের সঙ্গে বলতে হবে মুশফিকুর রহিমের নামও। সেঞ্চুরি পাননি, তাঁর দলও জেতেনি। তবে ব্যাটে তাঁর রানের ফোয়ারা ছুটছেই। গাজী ট্যাংকের বিপক্ষে কাল খেললেন ৮০ রানের ইনিংস। প্রিমিয়ার লিগের চার ম্যাচের চারটিতেই করলেন ফিফটি। সবকটি ফিফটিরই যাত্রা ছিল সেঞ্চুরির দিকে (৮৭*, ৭৭*, ৮০, ৮০)।সেঞ্চুরি নেই, তারকা ব্যাটসম্যানদের ব্যাট হাসছে না—প্রিমিয়ার লিগ নিয়ে এই আলোচনাটাই এবার বেশি হয়েছে। প্রথম তিন রাউন্ড দেখেছে একটি মাত্র সেঞ্চুরি। এই বদনাম ঘোচাতেই কিনা কাল চতুর্থ রাউন্ডের প্রথম দিনের তিন ম্যাচে তিনটি সেঞ্চুরি করলেন ব্যাটসম্যানরা।দুই তারকা তামিম ও শাহরিয়ারের আগে বলতে হচ্ছে রনির কথা। ৫৫ রানে ২ উইকেট হারানোর ধাক্কা আবাহনীকে একদমই বুঝতে দেননি রনি। আউট হওয়ার আগে আবাহনীর এই ওপেনার কার্সেলডাইনকে (৬৫) নিয়ে তৃতীয় উইকেট জুটিতে তুলেছেন ১৮৪ রান। ফরহাদ রেজার বলে বোল্ড হওয়ার আগে ১৩৩ বলে ১৫৪ রানের ইনিংসটি তিনি সাজিয়েছেন ১৬টি চার ও ৪টি ছয়ে। দলকে ২৩৯ রানে রেখে আউট হন রনি। এর পর কার্সেলডাইন-যশপালরা মিলে দলকে নিয়ে যান ২৮৩ রানে।বড় রানের লক্ষ্যে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকে আগের তিন ম্যাচের দুটি জেতা ডিওএইচএস। ৯৩ রানের মধ্যে প্রথম ৫ উইকেট হারায় তারা। শেষ ৫ উইকেট হারায় মাত্র ৪৮ রানে। নিশ্চিত হয় আবাহনীর ৪ ম্যাচে চতুর্থ জয়।আবাহনীর মতো মোহামেডানও তাদের প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছে। সাকিব আল হাসান, তারেক আজিজদের দারুণ বোলিংয়ে ৪৯.৫ ওভারে মাত্র ২০১ রানে অলআউট হয়ে যায় বিকেএসপি। তবে বোলিং নয়, মোহামেডানের ম্যাচের সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল তামিমের ব্যাটিং। তাঁর ৮৮ বলের মারকাটারি ইনিংসের কল্যাণেই ১৮.৪ বল ও ৮ উইকেট হাতে রেখে জয় ছুঁয়ে ফেলে মোহামেডান। তামিমীয় এই ইনিংসটিতে ছিল ১৯টি চার ও ৪টি ছয়। বিমান-গাজী ট্যাংক ম্যাচে সেঞ্চুরিয়ান শাহরিয়ারের সঙ্গে বলতে হবে মুশফিকের নামও। বলতে গেলে বিমানের হয়ে তিনি একাই বুক চিতিয়ে লড়ে গেছেন। নিয়মিত বিরতিতে দলের উইকেট পড়ার মধ্যেও ৮৭ বলে ৮০ রানের ইনিংস (১০টি চার) খেলেছেন জাতীয় দলের উইকেটকিপার। সানজামুলের বলে বোল্ড হওয়ার আগে চতুর্থ উইকেটে বাথিয়া পেরেরার সঙ্গে গড়েছেন ১২৫ রানের জুটি। মুশফিকের আউটের পর বিমান শেষ ৬ উইকেট হারিয়েছে ৬১ রানে। তবে এর মধ্যেও চোখ কেড়েছে জাতীয় দলের পেসার শফিউলের ২৬ বলে ৫০ রানের ইনিংসটি। তবে বিমানের ২৪১ রান টপকাতে শেষ ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয় গাজী ট্যাংককে। অপরাজিত সেঞ্চুরি করে দলকে জয়ে হাসিয়েছেন শাহরিয়ার। ১৩৬ বলের ইনিংসটি তিনি সাজিয়েছেন ১১টি চার ও ১টি ছয়ে। শাহরিয়ারের পাশে জাতীয় দলের অলরাউন্ডার নাঈম ইসলামের ৯৬ বলে ৫২ রানের ইনিংসটিও কম গুরুত্বপূর্ণ ছিল না। স ং ক্ষি প্ত স্কো রআবাহনী: ৫০ ওভারে ২৮৩/৪ (রনি ১৫৪, কার্সেলডাইন ৬৫, যশপাল ৩০; ফরহাদ রেজা ২/৪৪, শফিউল আলম ১/৪৫, নাবিল ১/৫১)। ডিওএইচএস: ৪৪.৩ ওভারে ১৮৫ (ফরহাদ রেজা ৫৭, বিলাল ৩৪, মেহরাব জুনিয়র ২১; ফরহাদ হোসেন ২/১৩, তাপস ২/১৮, আবুল ২/২৬, সাকলাইন ২/৩২, যশপাল ১/৩৪, আলাউদ্দিন ১/৩৬)। ফল: আবাহনী ৯৮ রানে জয়ী।বিকেএসপি: ৪৯.৫ ওভারে ২০১ (জুপিটার ৮৩, তরিকুল ৩১, ইমামুল ২৮*, লিটন ২২; সাকিব ৩/৩৩, তারেক ২/৩২, ফয়সাল ২/৪২, মুক্তার ২/৬১)। মোহামেডান: ৩১.২ ওভারে ২০৪/২ (তামিম ১৩৫*, নাজিম ২৯, সাকিব ৩৭*; সৌম্য ১/২৪, রিয়াজ ১/৫৩)। ফল: মোহামেডান ৮ উইকেটে জয়ী।বিমান: ৪৮.৫ ওভারে ২৪১ (মুশফিকুর ৮০, শফিউল ৫০, পেরেরা ৪৫; নাঈম ২/১৯, শ্রীধরন ২/২৬, জিয়াউর ২/৩১, আল মামুন ১/২০, সানজামুল ১/৪৩, রাসেল ১/৪৭)। গাজী ট্যাংক: ৪৯.১ ওভারে ২৪৪/৫ (শাহরিয়ার ১১৪*, নাঈম ৫২, নাসির ২৪; মনোয়ার ২/৪১, ইলিয়াস ১/৩৯, মোশাররফ ১/৪২, শফিউল ১/৫৪)। ফল: গাজী ট্যাংক ৫ উইকেটে জয়ী।