গত দক্ষিণ এশীয় গেমসে ‘সাইক্লিং-কেলেঙ্কারি’তে জড়িতদের শনাক্ত করে বিভিন্ন মেয়াদে শাস্তির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশন। কাল ফেডারেশনের নির্বাহী কমিটির সভা শেষে সভাপতি মিজানুর রহমান (মানু) জানিয়েছেন, ঘটনার কেন্দ্রবিন্দুতে থাকা সাইক্লিস্ট চিং বাই মারমাকে তিন মাস নিষিদ্ধ করা হয়েছে। সে সময় ফেডারেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকা ও বর্তমান কমিটির সদস্য পারভেজ হাসান আজীবন এবং দুই মোটরসাইকেল আরোহী ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক ওয়ালিদ ও গোলাম মোস্তফা পাঁচ বছর নিষিদ্ধ, যার অর্থ ফেডারেশনের সঙ্গে নির্দিষ্ট ওই সময়ে কোনো সংশ্লিষ্টতা থাকবে না এই তিনজনের। টেকনিক্যাল কর্মকর্তা রুহুল ও কুদ্দুস নিষিদ্ধ হয়েছেন তিন বছর।ওই দলটির ম্যানেজার এবং বর্তমান কমিটির সদস্য বাংলাদেশের ‘টিটির রানি’খ্যাত জোবেরা রহমান লিনুকে আগামী এক বছর দলের কোনো গুরত্বপূর্ণ দায়িত্ব না দেওয়ার পাশাপাশি চিঠি দিয়ে ভর্ৎসনা করার সিদ্ধান্ত এসেছে।এর আগে সাইক্লিং ফেডারেশন একটি পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছিল। সেই কমিটির রিপোর্টের ভিত্তিতেই উল্লিখিত শাস্তি দিয়েছে ফেডারেশনের নির্বাহী কমিটি। তবে শাস্তিপ্রাপ্তরা আগামী এক মাসের মধ্যে ফেডারেশন সভাপতির নেতৃত্বে গঠিত আপিল কমিটির কাছে আপিল করতে পারবেন। গঠনতন্ত্রের ১৯-এর ১ ও ২ ধারা অনুযায়ী এই কমিটি করেছে ফেডারেশন।বলা প্রয়োজন, সাইক্লিংয়ের সেই ঘটনার পর বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) ও জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ভিন্ন ভিন্ন দুটি তদন্ত কমিটি গঠন করেছিল। বিওএর কমিটি সাইক্লিস্ট মারমাকে ৩ বছর নিষিদ্ধ, পারভেজকে দৃষ্টান্তমূলক শাস্তি এবং ওয়ালিদ ও মোস্তাকের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল এনএসসির কাছে। এনএসসির কমিটিও প্রায় একই রকম মতামত দিয়ে ফেডারেশনকে শাস্তিমূলক ব্যবস্থা নিতে বলেছিল। গত ফেব্রুয়ারিতে এসএ গেমসের সাইক্লিংয়ের ইভেন্টগুলো হয়েছিল খুলনায়। প্রতিযোগিতার তৃতীয় দিনে চারদিকে চাউর হয়ে যায়, বাংলাদেশের মেয়ে চিং বাই মারমা সোনা জিতেছেন। পরে জানা গেল, মোটরসাইকেল থেকে তাঁকে ধাক্কা দিয়ে সামনে এগিয়ে নিয়ে যাওয়া হয় এবং তাতেই তিনি সোনা জেতেন। কিন্তু এ নিয়ে আপত্তি উঠলে তদন্তে ধরা পড়ে, চিং বাই মারমাকে সত্যিই মোটরসাইকেল থেকে ঠেলে দেওয়া হয়েছিল।আর এটাই পরে গৌরবের বদলে এসএ গেমস আয়োজক বাংলাদেশের কপালে লেপে দেয় কলঙ্ক। ১৮টি সোনা জেতার আনন্দের মাঝখানে ঢুকে পড়ে লজ্জা। নানা জটিলতা আর দীর্ঘসূত্রতার বেড়া ডিঙিয়ে অবশেষে একটা শাস্তি হলো। এটা একটা দৃষ্টান্ত। তবে শাস্তিটা শেষ পর্যন্ত বহাল থাকবে কি না, সেটা নিশ্চিত নয়। আপিল কমিটি চাইলে শাস্তি কমেও যেতে পারে।ঘটনার পর নিজেকে নির্দোষ দাবি করেছিলেন খাগড়াছড়ির মেয়ে চিং বাই। কাল এই প্রতিবেদকের কাছে লঘু শাস্তির খবর শুনে তিনি কিছুটা স্বস্তিই পেয়েছেন। তবে তিন মাসের শাস্তিতে সামনে জাতীয় চ্যাম্পিয়নশিপে খেলতে পারবেন কি না, এটা নিয়ে উদ্বিগ্নও রয়েছেন, ‘শাস্তি না হলেই খুশি হতাম। এখন তো অনেক সমস্যা হবে।’জানা গেছে, ফেডারেশনের নির্বাহী কমিটি খানিকটা সদয় ছিল চিং বাইয়ের ব্যাপারে। সভাপতি মিজানুর রহমান (মানু) যেমন বললেন, ‘সবকিছু ভেবে চিং বাইয়ের ব্যাপারটা সহানুভূতি নিয়েই বিবেচনা করেছে কমিটি। মাত্র তো তিন মাস নিষিদ্ধ। তার পরও আপিলের সুযোগ তো তার আছেই।’