তিন ম্যাচ নিষিদ্ধ বালোতেল্লি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মারিও বালোতেল্লি
মারিও বালোতেল্লি

নিজের ‘ব্যাড বয়’ ভাবমূর্তি থেকে বেরিয়ে আসছিলেন মারিও বালোতেল্লি। ইংল্যান্ড থেকে নিজ দেশ ইতালিতে ফেরার পর নাকি অনেকখানিই বদলে গিয়েছিলেন এই ইতালিয়ান স্ট্রাইকার। অন্ততপক্ষে এসি মিলানের প্রধান নির্বাহী আদ্রিয়ানো গালিয়ানির তো তা-ই মনে হয়েছিল। কিন্তু নিজের খ্যাপাটে স্বভাবটা যে পরিবর্তন করতে পারেননি, সেটা ফুটবল বিশ্ব বেশ ভালোমতোই টের পেল নাপোলির বিপক্ষে এসি মিলানের শেষ ম্যাচটিতে। ২-১ গোলে হারের পর মারমুখী ভঙ্গিতে তর্ক জুড়েছিলেন রেফারির সঙ্গে। শাস্তিস্বরূপ এখন পরবর্তী তিন ম্যাচ মাঠের বাইরেই কাটাতে হবে সুপার মারিওকে।

নাপোলির বিপক্ষে ম্যাচটিতে ক্যারিয়ারে প্রথমবারের মতো পেনাল্টি মিস করেই প্রথমে আলোচনায় এসেছিলেন বালোতেল্লি, যার খেসারত দিয়ে ২-১ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে তাঁর দল এসি মিলানকে। কিন্তু শেষ বাঁশি বাজার পরও যে কাণ্ডটি ঘটিয়েছিলেন, সেজন্য আরও কিছুদিন ভুগতে হবে রোজোনেরিদের। রেফারির সঙ্গে অসদাচরণ করায় খেলা শেষ হওয়ার পরও দেখেছেন লাল কার্ড। পরবর্তীতে আরোপ করা হয়েছে আরও তিন ম্যাচের নিষেধাজ্ঞাও। ইতালিয়ান ফুটবল কর্তৃপক্ষ এই শাস্তির কারণ হিসেবে বলেছে, ‘প্রতিপক্ষের সঙ্গে অসদাচরণ ও রেফারির সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করায় এই শাস্তি দেওয়া হয়েছে। সেই সঙ্গে সে রেফারিকে অপমানসূচক অঙ্গভঙ্গি ও ভীতি প্রদর্শনের চেষ্টা করেছে।’

এখন জুভেন্টাসের বিপক্ষে ইতালিয়ান লিগের পরবর্তী ম্যাচটিতে দলের গুরুত্বপূর্ণ এই খেলোয়াড়টিকে ছাড়াই মাঠে নামতে হবে এসি মিলানকে। বোলগানা ও সাম্পডোরিয়ার বিপক্ষে ম্যাচ দুটিও মাঠের বাইরেই থাকতে হবে বালোতেল্লিকে।—গোল ডটকম