তিন ম্যাচ নিষিদ্ধ রুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মন্টেনেগ্রোর বিপক্ষে ইউরো ২০১২ বাছাইপর্বের খেলার ৭৪ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছিলেন ওয়েইন রুনি। ২-২ গোলে ড্র করেই সন্তুষ্ট থাকতে হয়েছিল ইংল্যান্ডকে। তবে শুধু এটুকুই নয়, মন্টেনেগ্রোর ডিফেন্ডার মিওড্রাগ জুডোভিচকে লাথি মারার দায়ে এবার আরও তিন ম্যাচ মাঠের বাইরেই কাটাতে হবে এই ইংলিশ স্ট্রাইকারকে। এর মানে ইউরো ২০১২-এর গ্রুপ পর্বের তিনটি ম্যাচ রুনিকে ছাড়াই খেলতে হবে ইংল্যান্ডকে।২০০৬ সালের বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালেও পর্তুগালের রিকার্ডো কারভালহোকে বাজে ফাউল করার দায়ে লাল কার্ড দেখেছিলেন রুনি। এবার আরও একবার এ ধরনের আচরণ তাঁর উগ্র স্বভাবের নেতিবাচক প্রভাবের কথা মনে করিয়ে দিয়েছে সবাইকে। ফ্যাবিও ক্যাপেলো রুনির এই আচরণকে শিশুসুলভ ভুল বলে আখ্যায়িত করেছেন। তবে রুনিকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত মাথায় রেখে ইতিমধ্যেই দলের সেরা স্ট্রাইকারটিকে ছাড়াই রণকৌশল সাজানোর কাজে মন দিয়েছেন ইংল্যান্ড কোচ। আগামী মাসে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে প্রীতি ম্যাচেই সে পরিকল্পনা বাস্তবায়নের কথা ভাবছেন ক্যাপেলো। তিনি বলেছেন, ‘আমার কাছে সব খেলোয়াড়ই খুব গুরুত্বপূর্ণ। কিন্তু এখন আমাদের রুনিকে ছাড়াই খেলতে হবে। এ জন্য স্পেনের বিপক্ষে আগামী প্রীতি ম্যাচেই আমরা নতুন কিছু পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করব। রুনি একজন অপরিহার্য খেলোয়াড়। তাঁর অনেক অভিজ্ঞতা আছে। অনেক গুরুত্বপূর্ণ ম্যাচে ভালো খেলার সামর্থ্যও তার আছে। কিন্তু সে যেটা করেছে সেটা একটা শিশুসুলভ ভুল। আমাদের আর কী করার আছে?’তবে এ ধরনের আচরণ করতে থাকলে মূল একাদশে জায়গা পাওয়া রুনির জন্য কঠিন হয়ে যাবে বলেও সতর্ক করে দিয়েছেন ক্যাপেলো। তিনি বলেছেন, ‘আমার কোচিং ক্যারিয়ারে আমি অনেক খেলোয়াড়কেই বেঞ্চে বসিয়ে রেখেছি। আমাদেরকে একটা সমাধানে পৌঁছোতে হবে। আর সেটা যদি আমরা পেয়ে যাই, তাহলে রুনিকে মূল একাদশে ফেরার জন্য অনেক কষ্ট করতে হবে।’ ওয়েবসাইট।