তিন ম্যাচে সাবিনার ৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরার বিপক্ষে ১২ গোল, নড়াইলের বিপক্ষে ৯ গোল। কেএফসি মহিলা ফুটবল লিগে কাল ঝিনাইদহের বিপক্ষেও ৯ গোল করলেন সাতক্ষীরার স্ট্রাইকার সাবিনা খাতুন, সঙ্গে সুরাইয়া ও রওশন আরার দুটি করে গোল নিয়ে সাতক্ষীরা জিতল ১৩-০ গোলে। পুরো লিগটাই নিজের করে নিতে তিন ম্যাচে এরই মধ্যে করে ফেলেছেন ৩০ গোল।মিলি মারমার একমাত্র গোলে কাল চট্টগ্রাম জিতেছে খাগড়াছড়ির বিপক্ষে। রাঙামাটি সাইতা, নদী, শিবলিকা ও ত্রু বাইয়ের গোলে ৫-০ ব্যবধানে হারিয়েছে লক্ষ্মীপুরকে। ৯ পয়েন্ট নিয়ে ভেন্যু চ্যাম্পিয়ন হয়েছে রাঙামাটি। নড়াইল ৬-০ গোলে হারিয়েছে কুষ্টিয়াকে। হ্যাটট্রিক করেছেন বিপাশা। রনি করেছেন দুটি গোল। পদ্মাবতীর গোল একটি। জয়পুরহাট ৩-০ গোলে হারিয়েছে নওগাঁকে। লতা দুটি গোল করেছেন। যশোর ৮-১ গোলে হারিয়েছে বগুড়াকে। রুপা চারটি, বিলকিস তিনটি ও হেনা একটি গোল করেছেন। ঠাকুরগাঁও ৪-০ গোলে হারিয়েছে কুড়িগ্রামকে। মনসা ও মুনমুন করেছেন দুটি করে গোল। ভাবনার হ্যাটট্রিকে রংপুর ৪-১ গোলে জিতেছে নীলফামারীর বিপক্ষে। মুক্তা ও সোমার গোলে টাঙ্গাইল ৩-০ ব্যবধানে হারিয়েছে খুলনাকে। গোলশূন্য ড্র করেছে ফরিদপুর ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়।