তিন ম্যাচের জন্য বহিষ্কৃত সাকিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন তিনি। এবার তিনি দেশের ক্রিকেটের জন্য বড় একটা খারাপ নজিরও তৈরি করলেন। টেলিভিশন ক্যামেরার সামনে চূড়ান্ত অশ্লীল অঙ্গভঙ্গি প্রদর্শন করায় বিসিবি তিন ম্যাচের জন্য বহিষ্কার করেছে সাকিব আল হাসানকে। সঙ্গে জরিমানাও করা হয়েছে তিন লাখ টাকা। বিসিবির এই শাস্তির কারণে শ্রীলঙ্কা সিরিজের আজকের ম্যাচটি ছাড়াও সাকিব খেলতে পারবেন না ভারত ও আফগানিস্তানের বিপক্ষে এশিয়া কাপের প্রথম দুই ম্যাচেও।
ঘটনাটা শ্রীলঙ্কার বিপক্ষে পরশুর দ্বিতীয় ওয়ানডে চলাকালে। আউট হওয়ার পর ড্রেসিংরুমের ভিউয়িং এরিয়ায় ট্রাউজার আর তোয়ালে গায়ে সতীর্থদের সঙ্গে বসে ছিলেন সাকিব। টেলিভিশন ক্যামেরায় পর পর দুবার তাঁকে দেখানো হয়। তৃতীয়বার আবারও ক্যামেরা তাঁর দিকে তাক করা হলে সেই অশ্লীল অঙ্গভঙ্গিটি করেন সাকিব।

বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব এ দেশের ক্রিকেটের বড় এক দূতও। ক্ষণিকের জন্য সেটা যেন ভুলেই বসলেন তিনি! বিতর্কিত আচরণ এর আগে কয়েকবার করলেও এবারেরটি ছাড়িয়ে গেছে সবগুলোকেই। সাকিবের ওই অশ্লীল অঙ্গভঙ্গি টেলিভিশনের পর্দায় সরাসরি দেখে হতভম্ব হয়ে গেছে সবাই। দৃশ্যটা চোখ এড়ায়নি বিসিবি সভাপতি নাজমুল হাসানেরও। সূত্র জানিয়েছে, সভাপতি নির্বাচক কমিটিকে তাৎক্ষণিক বলে দেন, শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচে যেন তাঁকে একাদশে না রাখা হয়।

কাল সন্ধ্যায় বিসিবি কার্যালয়ে শুনানিতে ডাকা হয় সাকিবকে। ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান ও আরও কয়েকজন বোর্ড কর্মকর্তার সামনে ভুল স্বীকার করে কৃতকর্মের জন্য দুঃখ প্রকাশ করেন তিনি। শাস্তির মাত্রা সে কারণেই কিছুটা কম। নইলে বিসিবির আচরণবিধি অনুযায়ী এ ধরনের অপরাধের সর্বোচ্চ শাস্তি এক বছরের বহিষ্কারাদেশ ও ৫ লাখ টাকা জরিমানা। বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেছেন, ‘সাকিব ঘটনার জন্য অনুতপ্ত। তাঁর মতো অভিজ্ঞ এবং মর্যাদাসম্পন্ন একজন খেলোয়াড়ের কাছ থেকে যে এ ধরনের আচরণ প্রত্যাশিত নয়, তিনি সেটা স্বীকার করেছেন। আমরাও তাঁকে জানিয়ে দিয়েছি, এই আচরণ অগ্রহণযোগ্য।’