তিন শও হলো না!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনের প্রথম আঘাত। ওয়াগনারের শিকার মুশফিকুর রহিম। ছবি: প্রথম আলো
দিনের প্রথম আঘাত। ওয়াগনারের শিকার মুশফিকুর রহিম। ছবি: প্রথম আলো

সকাল থেকেই যেন যাওয়া-আসার মিছিল। প্রথমে অধিনায়ক মুশফিকুর রহিম। এরপর একে একে নাসির হোসেন, সোহাগ গাজী, রুবেল হোসেন ও আবদুর রাজ্জাক, রুবেল। চার শর লক্ষ্য ছিল, অথচ তিন শও হলো না। মিরপুর টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ গুটিয়ে গেছে মাত্র ২৮২ রানে। বৃষ্টি-বিঘ্নিত প্রথম দিন ৫ উইকেটে ২২৮ রানে শেষ করার পর আজ দ্বিতীয় দিনের সকালে ৫৪ রান যোগ করতে পারল বাংলাদেশ।
কাল দিনের অনেকটুকু বৃষ্টি খেয়ে ফেলার পর আজ সকালে আধঘণ্টা আগেই শুরু হয় দিনের খেলা। নাসির হোসেনকে সঙ্গে নিয়ে আস্তে আস্তে কালকের বিপর্যয়টা সামলে উঠছিলেন বাংলাদেশ অধিনায়ক। কিন্তু মোটামুটি বাইরের একটি বল খেলার ভুলের মাশুল বেশ ভালোভাবেই দিলেন মুশফিক। তিনি শিকার অভিষিক্ত নিল ওয়াগনারের। নাসিরের বিদায়টা অবশ্য বাংলাদেশের স্পিনারদের একটু উত্সাহী করে তুলতে পারে। ইশ সোধির অসম্ভব টার্নিং বল নাসিরের ব্যাট ছুঁয়ে চলে যায় টেলরের হাতে।
সোহাগের ওপর ভরসা ছিল। ভালোও খেলছিলেন। কিন্তু সঙ্গী রাজ্জাকের ওপর বোধহয় ভরসা করতে পারেননি তিনি। তিনিও শট খেলার মাশুল গুনেছেন কড়ায়-গন্ডায়। ওয়াগনারের বাইরের একটি বল খেলতে গিয়ে তিনি ক্যাচ দিয়েছেন উইলিয়ামসনকে। নিজের পঞ্চম উইকেটটি ওয়াগনার তুলেছেন রুবেলকে ফিরিয়ে দিয়ে। ওয়াগনারের পাশাপাশি সোধি ৫৯ রানে নিয়েছেন ৩ উইকেট। এ ছাড়া ট্রেন্ট বোল্ট এবং কোরে অ্যান্ডারসন প্রত্যেকে একটি করে উইকেট নেন।