তিন শর সামনে অ্যান্ডারসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৫ আগস্ট ১৯৬৪। মহাকালের পাতায় আর দশটা দিনের মতোই একটি দিন। তবে ক্রিকেট ইতিহাসে দিনটি উজ্জ্বল হয়ে আছে আলাদা করে। একসময় প্রায় ধরাছোঁয়ার বাইরে থাকা এক শৃঙ্গ জয়ের দিন! ওভালে অস্ট্রেলিয়ার নিল হকের উইকেট নিয়ে ইংল্যান্ডের ফ্রেড ট্রুম্যান ছুঁলেন ৩০০ উইকেট। টেস্ট ক্রিকেট পেল প্রথম ট্রিপল সেঞ্চুরিয়ান উইকেট শিকারিকে!একসময় যেটিকে মনে হয়েছিল প্রায় অনতিক্রম্য এক চূড়া, সেটি পরে জয় করেছেন আরও অনেকেই। প্রথম ৩০০ উইকেট শিকারির দেখা পেতে লেগেছিল ৮৭ বছর। পরের ৪৯ বছরে ওই ক্লাবের সদস্য বেড়ে দাঁড়িয়েছে ২৫! আগামীকালই, কিংবা আগামী পাঁচ দিনের মধ্যে সংখ্যাটা হয়ে যেতে পারে ২৬। ৩০০ উইকেট থেকে মাত্র ৫ উইকেট দূরে দাঁড়িয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে অকল্যান্ড টেস্টে খেলতে নামছেন জেমস অ্যান্ডারসন!এক ইংলিশের হাতে ফিতা কাটা হলেও পরে এই তালিকায় ঢুকতে পেরেছেন আর মাত্র দুজন ইংলিশ—বব উইলিস (৩২৫) ও ইয়ান বোথাম (৩৮৩)। সামগ্রিকভাবে ৩০০ উইকেট তাই খুব বড় কিছু না হলেও কোনো ইংলিশ বোলারের জন্য অবশ্যই অনেক বড় অর্জন। অ্যান্ডারসনও দারুণ রোমাঞ্চিত। সিরিজে আগের দুই টেস্টে মাত্র ৭ উইকেট পেয়েছেন। তবে আশায় বুক বাঁধছেন, ‘অসাধারণ এক অর্জন হবে এটি। এই সিরিজে ইনিংসে দুটির বেশি উইকেট এখনো পাইনি। আশা করি, অকল্যান্ডে পারব। তবে মাঠে গিয়ে অবশ্যই আমি মাইলফলকের কথা ভাবব না। চাইব ভালো বোলিং করতে, উইকেট নিতে।’শুধু ইংল্যান্ডের একজন বলেই নয়, ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকেও অ্যান্ডারসনের জন্য এটি হবে অসাধারণ এক অর্জন। একসময় যে বাতিলের খাতায় ফেলে দেওয়া হয়েছিল তাঁকে! ৫ উইকেট নিয়ে টেস্ট অভিষেক ২০০৩ সালে, ওয়ানডে অভিষেক আগের বছরই। তখন তাঁকে মনে করা হচ্ছিল বিলুপ্তপ্রায় সুইং বোলার প্রজাতির নতুন আশা। কিন্তু বাজে ফর্ম ও নানা চোট মিলিয়ে দলে আসা-যাওয়া করতেই কেটে গেছে পাঁচ বছর। ২০০৭ সালে পিটার মুরস কোচ হওয়ার পরই কেবল লম্বা সময় ধরে সুযোগ পেয়েছেন। আর ২০০৮ সালে এই নিউজিল্যান্ড সফর থেকে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন টেস্টে ইংলিশ পেস আক্রমণের নেতা হিসেবে। ক্রমে হয়ে উঠেছেন বিশ্বের সেরা পেসারদের একজন। প্রথম ২০ টেস্টে পেয়েছিলেন মাত্র ৬২ উইকেট। কিন্তু ২০০৮ সালের ওয়েলিংটন টেস্ট থেকে এখন পর্যন্ত সবচেয়ে বেশি টেস্ট উইকেট (২৩৩) অ্যান্ডারসনেরই!শুধু ৩০০ উইকেট নয়, ইংল্যান্ড অ্যান্ডারসনের দিকে তাকিয়ে সিরিজ জয়ের জন্যও। কিউইদের ধবলধোলাইয়ের আশা নিয়ে সিরিজ শুরু করা ইংলিশরা এখন একটা জয় পেলেই বাঁচে। প্রথম দুই টেস্টই ড্র হয়েছে। মহাগুরুত্বপূর্ণ ম্যাচে আবার পাচ্ছে না তারা কেভিন পিটারসেনকে। হাঁটুর চোটে কমপক্ষে দেড় মাসের জন্য মাঠের বাইরে চলে গেছেন পিটারসেন। একাদশে তাঁর জায়গা নেবেন জনি বেয়ারস্টো। মওকামতো নিউজিল্যান্ডও এখন হুমকি দিচ্ছে সিরিজ জয়ের। রস টেলরের বিশ্বাস, লড়াই যখন এক ম্যাচের, যেকোনো কিছুই হতে পারে! ওয়েবসাইট।