আবাহনীর শর্ত সিসিডিএম পুনর্গঠন করতে হবে ভিক্টোরিয়ার বিপক্ষে ম্যাচে ২ পয়েন্ট দিতে হবে ইউসুফের নিবন্ধন-জটিলতায় শাস্তি দিতে হবে দোষীদের
তিন শর্তে খেলতে রাজি আবাহনী
খেলতে গিয়ে ‘কাদা’ লেগেছে গায়ে। আবাহনী এখন সেই ‘কাদা’ ঝেড়ে ফেলতে চাইছে। আবাহনীর কারণে লিগ বন্ধ, এই ‘অপবাদ’ তারা নিতে চায় না। কাল সংবাদ সম্মেলন ডেকে ক্লাব থেকে বলা হলো, ১৭ এপ্রিল থেকে আবার লিগ খেলতে চায় ক্লাবটি। তবে মানতে হবে তাদের তিনটি শর্ত।আবাহনীর ক্রিকেট কমিটির প্রধান নাজমুল হাসান দেশের বাইরে ছিলেন। ক্লাব থেকে বলা হচ্ছিল, তিনি দেশে ফিরলে খেলার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সে সিদ্ধান্ত জানাতেই কাল ক্লাব ভবনে সংবাদ সম্মেলন ডাকা। সংবাদ সম্মেলনের আগে ক্লাব কর্মকর্তারা কথা বলেছেন আবাহনী সমর্থক গোষ্ঠীর সঙ্গে। আবাহনীর আমন্ত্রণে সুপার লিগের পাঁচ ক্লাবের (ভিক্টোরিয়া ছাড়া) প্রতিনিধিদের নিয়ে একটা সভাও হয়েছে ক্লাবের সভাকক্ষে।পাঁচ ক্লাবের সভার সূত্র ধরে নাজমুল হাসান সংবাদ সম্মেলনে জানিয়েছেন, আবাহনীর প্রতি সমর্থন আছে ক্লাবগুলোর। সমর্থন আছে শর্তগুলোর প্রতিও। ১৭ এপ্রিল লিগ শুরু করার দাবির সঙ্গে শর্ত হিসেবে আছে সিসিডিএম পুনর্গঠন, মোহাম্মদ ইউসুফের নিবন্ধন যেহেতু বোর্ডই বিতর্কিত বলছে, ২৮ মার্চের ম্যাচে ভিক্টোরিয়াকে ২ পয়েন্ট না দিয়ে আবাহনীকে দেওয়া এবং ইউসুফের ‘বিতর্কিত’ নিবন্ধনের সঙ্গে জড়িত ব্যক্তিদের দিতে হবে দৃষ্টান্তমূলক শাস্তি।সিসিডিএমের প্রিমিয়ার লিগ সমন্বয়ক কাজী আইনুল ইসলাম অবশ্য কাল রাতে জানিয়েছেন, আবাহনীর শর্ত তাঁরা আনুষ্ঠানিকভাবে পাননি। আজ সেটা পেলে লিগের ব্যাপারে সিদ্ধান্ত নেবে সিসিডিএম, ‘এখনই এ ব্যাপারে কিছু বলা সম্ভব নয়। তবে আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব খেলা শুরু করতে।’শর্ত না মানলে আবাহনী বা অন্য ক্লাবগুলো লিগ খেলবে না—এমন কিছু বলা হয়নি আবাহনীর সংবাদ সম্মেলনে। সিসিডিএম ভিক্টোরিয়ার বিপক্ষে ম্যাচটি নতুন করে খেলতে বললে আবাহনীর সিদ্ধান্ত কী হবে, নাজমুল হাসান স্পষ্ট উত্তর দেননি সেটারও, ‘কঠিন প্রশ্ন। হয়তো রাজি হব, তবে এখনো নিশ্চিত নই।’ভেতরের খবর অবশ্য অন্য রকম। নতুন করে ম্যাচ দিলে আবাহনী খেলতে রাজিই হবে। তবে ভিক্টোরিয়া দ্বিমত জানিয়ে রাখছে আগেই। ক্লাবের গভর্নিং কাউন্সিলের প্রধান লুৎফর রহমান বলেছেন, ‘আবার ম্যাচ খেলার প্রশ্নই ওঠে না। এটা বাইলজেও নেই। এ রকম কিছু হলে খুবই বাজে উদাহরণ হয়ে থাকবে সেটা।’ পাঁচ ক্লাবের সভায় উপস্থিত ক্লাবগুলোর সূত্রে আরও জানা গেছে, লিগ খেলতে চাওয়া ছাড়া আর কোনো শর্তে ‘হ্যাঁ’ বা ‘না’ জাতীয় কোনো মতামত নেই অন্যদের। এসব শর্ত একান্তই আবাহনীর।প্রিমিয়ার লিগের অচলাবস্থায় ঢাকার দুই বড় ক্লাব আবাহনী-মোহামেডানের ভূমিকাই সবচেয়ে বেশি প্রশ্নবিদ্ধ হয়েছে। ইউসুফের নিবন্ধন যদি অবৈধই হয়ে থাকে, এ ব্যাপারে সিসিডিএমের কাছে লিখিত অভিযোগ জানিয়ে সেদিন খেলা চালিয়ে যেতে পারত আবাহনী। পরে তাদের দাবি সঠিক প্রমাণিত হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যেত ভিক্টোরিয়ার বিপক্ষে। কিন্তু ১৭৭ রানে অলআউট হওয়ার পর আর মাঠে না নামায় সমালোচনার মধ্যে ফেলে দিয়েছে আগেরবারের চ্যাম্পিয়ন দলটিকে। লিগের অচলাবস্থার জন্যও দায়ী করা হচ্ছে সেদিন তাদের না খেলার সিদ্ধান্তকেই। তবে নাজমুল হাসান কাল বললেন, ‘না খেলার সিদ্ধান্ত সঠিক ছিল। ওই দিন খেললে এক অর্থে পুরো ব্যাপারটাকেই আমরা বৈধতা দিয়ে দিতাম। আমরা জানতাম, এটা ঝুঁকিপূর্ণ। তার পরও প্রতিবাদ করার জন্য এই সিদ্ধান্ত নিয়েছি, যাতে ভবিষ্যতে এ রকম অনিয়ম আর না হয়।’পুরো ঘটনার জন্য কোনো ক্লাবকে দায়ী করতে চাইছে না আবাহনী। এমনকি ভিক্টোরিয়া যদি ইউসুফের নিবন্ধন নিয়ে জালিয়াতি করে থাকে, সেটা দেখাও বিসিবির দায়িত্ব মনে করছে ঐতিহ্যবাহী ক্লাবটি। তাহলে দায়ী কে? আবাহনী বলছে দায়ী ‘সিস্টেম’। কিন্তু ‘সিস্টেম’ তো মানুষই বানায়! ঘরোয়া ক্রিকেট নিয়ে ক্লাব রাজনীতির ‘সিস্টেম’টাও নিশ্চয়ই প্রকৃতির দান নয়। এই ‘সিস্টেমে’র রূপকার ক্লাব সংগঠকেরাই, বিশেষ করে ক্ষমতাশালী ক্লাবগুলো।