তিন শহরে রঙিন-নিশুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে ঢাকা সেজেছে ঝলমলে সাজে। রূপসী বাংলা হোটেলের সামনে ‘রাজসিক বিহার’-এর ছবিটি কাল রাতে তোলা । প্রথম আলো
টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে ঢাকা সেজেছে ঝলমলে সাজে। রূপসী বাংলা হোটেলের সামনে ‘রাজসিক বিহার’-এর ছবিটি কাল রাতে তোলা । প্রথম আলো

নিশুতি ঢাকার রাস্তায় বেরোলে এখন যে কেউ চমকে যাবেন। শহর তো নয়, যেন বিয়েবাড়ি! সোনারগাঁও মোড়ে জ্বলজ্বল করে তাকিয়ে আছে সবুজ বাঘ, রূপসী বাংলার সামনে মধ্যরাতের অশ্বারোহী। মিরপুরের দিকে গেলে পিচঢালা পথে শুধুই আলোকের ঝরনাধারা। বিমানবন্দরের সামনে উপচে পড়ছে আলোর রঙিন ফোয়ারা। পুরো ঢাকা শহরেই তো লাল-নীল-সবুজ আলোর রোশনাই, রাস্তাঘাট একদম পরিপাটি। সবকিছুই যেন অনুচ্চারে জানিয়ে দিচ্ছে, এসে গেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ! 
বিশ্বকাপ-জ্বরে কাঁপছে বাংলাদেশ—এমন কথা আগেও ছাপা হয়েছে। ঢাকা-চট্টগ্রামে ২০১১ বিশ্বকাপ আয়োজনের স্মৃতি তো খুব দূরের নয়। কিন্তু সেবার প্রাপ্তির আনন্দটা ভাগাভাগি হয়ে গিয়েছিল ভারত-শ্রীলঙ্কার সঙ্গে। এবারের আসরটা তো একান্তই নিজেদের। আজ থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশের এই আসর তাই আপন গৌরবে ভাস্বর, এখন পর্যন্ত বিশ্বে নিজেদের কীর্তিধন্য করার সবচেয়ে বড় উপলক্ষ। 
১০ দলের চূড়ান্ত পর্ব শুরু হওয়ার অবশ্য আরও দিন পাঁচেক বাকি। তবে বাংলাদেশের অভিযাত্রা আজ থেকেই যখন শুরু, বিশ্বকাপের রোমাঞ্চটা তাই শুরু হয়ে যাচ্ছেই। আঁচটা অবশ্য বেশ কদিন থেকেই লাগতে শুরু করেছে মাঠে-ঘাটে। উত্তেজনা ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগের মাধ্যমেও। চায়ের কাপ থেকে ফেসবুকে এখন মুখর লড়াই—সাকিব, মুশফিকেরা পারবেন তো? নিজেদের মাঠে কেমন করবে বাংলাদেশ? কান পাতলে শোনা যায় সোনার হরিণ টিকিটের জন্য হাহাকারও! 
আয়োজনের মধ্যমণি যখন ঢাকা, তখন স্বাভাবিকভাবেই আঁচটা রাজধানীতেই বেশি। পথচলতি মানুষের কাছে কদিন পর পরিচিত হয়ে উঠবে যানজটে আটকে থাকা বিদেশি দলের টিমবাস। এদিকে মিরপুর, ওদিকে ফতুল্লা—প্রায় সব সময়ই কোনো না কোনো দল ব্যস্ত অনুশীলনে। কেউ হয়তো আসছে, আবার কেউ বা বেরিয়ে যাচ্ছে। এমনিতেই এবারের আসরের ব্যাপ্তিটা অনেক বেশি। ছেলেমেয়েদের আসর মিলিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ২৬টি দল অংশ নিচ্ছে। আইসিসির ইতিহাসেই কোনো টুর্নামেন্টে এতগুলো দল আগে অংশ নেয়নি কখনো। আজ থেকে চার-ছক্কার শোরগোল যে ঢাকার অলিগলিতেও ছড়িয়ে যাবে তাতে আর বিচিত্র কী! 

সবুজের শ্যামলিমায় লাল-নীল আলোর প্লাবন। টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে সিলেট সেজেছে এমন জমকালো সাজে। ছবিটি গত শুক্রবার সন্ধ্যায় স্টেডিয়াম-সংলগ্ন লাক্কাতুরা চা-বাগান থেকে তোলা । প্রথম আলো
সবুজের শ্যামলিমায় লাল-নীল আলোর প্লাবন। টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে সিলেট সেজেছে এমন জমকালো সাজে। ছবিটি গত শুক্রবার সন্ধ্যায় স্টেডিয়াম-সংলগ্ন লাক্কাতুরা চা-বাগান থেকে তোলা । প্রথম আলো

শোরগোলটা তো শুধু ঢাকাতেই লাগছে না, ছড়িয়ে পড়ছে পুবের দুই শহরেও। চট্টগ্রাম তো অতিথিবরণের জন্য আটঘাট বেঁধে প্রস্তুত। চট্টগ্রাম থেকে প্রতিনিধি জানাচ্ছেন, ক্রিকেট-উৎসবের সব প্রস্তুতি শহরটিতে। আগের বিশ্বকাপের সময় তৈরি তিনটি বাঘের মূর্তিতে লেগেছে রঙের ছোঁয়া। নতুন সাজে সেজেছে ধুলোমলিন পড়ে থাকা ক্রিকেটারদের ভাস্কর্য। নগরের ওয়াসার মোড়ে অশ্বারোহীর ভাস্কর্য, পুলিশ লাইনের সামনে তকতকে বাউলের শাশ্বত মূর্তি। বিমানবন্দরের সামনে আলো ছড়াচ্ছে চাটগাঁর চিরচেনা সাম্পান। 
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের সামনে চত্বর দেখলে জুড়িয়ে যাবে চোখ। ফুলে ফুলে ছাওয়া পুরো চত্বর, বিশাল সব ব্যাট-বলে বাদ যায়নি ক্রিকেটীয় ছোঁয়াও। সাগরিকার স্টেডিয়ামসংলগ্ন এলাকা এখন বৈকালিক বিনোদনেরও দারুণ একটি তীর্থ। 
তবে ঢাকা-চট্টগ্রামের জন্য এসব নতুন কিছু নয়, যেটি একেবারেই আনকোরা সিলেটের জন্য। দুটি পাতা একটি কুঁড়ির দেশে প্রথমবারের মতো বসছে কোনো আন্তর্জাতিক আসর। তাও আবার টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়েই প্রথমবারের মতো বল গড়াবে সিলেট স্টেডিয়ামে। সিলেট থেকে প্রতিনিধি জানাচ্ছেন, প্রথমবারের উন্মাদনাটা সেখানে একটু বেশিই। লাক্কাতুরার স্টেডিয়ামমুখী রাস্তায় এখন সবুজের শ্যামলতার সঙ্গে গলাগলি করে আছে কৃত্রিম আলোর উচ্ছ্বাস। রাত নামলেই চা-বাগানে জ্বলে উঠছে লাল-নীল-সবুজ আলো। সিলেটবাসীর অবশ্য ছোট্ট একটি অতৃপ্তি থাকতে পারে, মুশফিকদের কোনো কোনো ম্যাচ নেই এখানে। তবে গর্ব করে বলার মতো একটি অর্জনও আছে, বাংলাদেশের মেয়েদের বিশ্বকাপ অভিষেক হচ্ছে এই শহরেই। ক্রিকেটানন্দে মেতে উঠতে তাই সিলেটবাসীর কোনো বাধা নেই।