তিন শ্যুটারের অলিম্পিক মিশন
তাঁদের চোখে স্বপ্ন। তবে আগামী বছর লন্ডন অলিম্পিকে খেলার সেই স্বপ্ন পূরণের পথটা সহজ নয়। জার্মানিতে আগামী কাল শুরু সাত দিনের বিশ্বকাপ শ্যুটিং, সেটি নিশ্চিত করার সুযোগ। এই লক্ষ্য সামনে নিয়ে গত রাত চারটায় ঢাকা ছাড়ার কথা ছিল শারমিন আক্তার (রত্না), শারমিন আক্তার ও আবদুল্লাহ হেল বাকির।অলিম্পিক শ্যুটিংয়ে ১৩টি ইভেন্টের প্রতিটিতে সারা বিশ্ব থেকে ৬০ জন শ্যুটার সুযোগ পান। ২৯ জন বিভিন্ন টুর্নামেন্টে ফলাফলের ভিত্তিতে, বাকি ৩১ জন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির দেওয়া ‘ওয়াইল্ড কার্ডে’র মাধ্যমে। কোনো দেশ থেকে সর্বোচ্চ দুজন একটি ইভেন্টে সুযোগ পেতে পারেন।গত জুলাইতে জার্মানিতে সর্বশেষ ৫০তম বিশ্ব শ্যুটিংয়ে বাংলাদেশের আবদুল্লাহ হেল বাকি ৬০০-তে ৫৯৩ স্কোর করে ২৪তম হন। শারমিন আক্তার (রত্না) ৪০০-তে ৩৯৫ স্কোর করে হন ৩৪তম। অলিম্পিকে যাওয়া নিশ্চিত করতে দুজনকেই স্কোর বাড়াতে হবে। তবে এটিই শেষ নয়, আগামী জানুয়ারিতে দোহায় এশিয়ান শ্যুটিং চ্যাম্পিয়নশিপেও একটা সুযোগ মিলবে। আসিফ হোসেন খানও সে সময় একটা চেষ্টা করে দেখতে পারেন।ছেলেদের ১০ মিটার এয়ার রাইফেলে আবদুল্লাহকে নিয়েই যত আশা বাংলাদেশ শ্যুটিং ফেডারেশনের। ক্যাম্পে ৫৯৭ পর্যন্ত স্কোর করে তাক লাগিয়ে দিয়েছেন এই তরুণ। এখন তাঁর গড় স্কোর ৫৯৫। আবদুল্লাহ তাই আশাবাদী, ‘আমার আত্মবিশ্বাস আগের চেয়ে অনেক বেড়েছে। আশা করি, অলিম্পিকের কোটা প্লেস পাব।’ এখন গড়ে ৩৯৪-৯৫ স্কোর নিয়ে মোটামুুটি মাঝারি অবস্থানে থাকা শারমিন রত্নার কথা, ‘চাইব স্কোর বাড়াতে। তবে অন্তত প্র্যাকটিসের স্কোরটা অবশ্যই করতে চাইব।’মামলার কারণে এখন দেশের শ্যুটিং একরকম স্থবিরই। গত কমনওয়েলথ গেমস ও এশিয়াডে ফল ছিল খুবই বাজে। অর্থনৈতিক সংকট তীব্র হয়ে উঠেছে। টাকার অভাবে জার্মানিগামী দলের সঙ্গে একজন কোচ পর্যন্ত পাঠানো যায়নি। তিন শ্যুটারের মধ্যে শারমিন আক্তারের খরচ দিচ্ছে তাঁর স্পনসর।এই অবস্থায় ফেডারেশনের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ শ্যুটিংয়ের সামনে একটা অশনিসংকেত দেখছেন, ‘আর্থিক সংকটে ফেডারেশন অসহায় হয়ে পড়ছে। তার পরও এখন শ্যুটারদের স্কোর আগের যেকোনো সময়ের চেয়ে ভালো। এটা ধরে রাখার জন্য ক্রীড়া পরিষদ ও অলিম্পিকের সহযোগিতা দরকার।’