তিন সপ্তাহ মাঠের বাইরে মেসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চোট নিয়ে মাঠ ছেড়ে বেরিয়ে আসছেন মেসি। গতকালের ম্যাচে। ছবি: রয়টার্স
চোট নিয়ে মাঠ ছেড়ে বেরিয়ে আসছেন মেসি। গতকালের ম্যাচে। ছবি: রয়টার্স

মাত্র ২৮ মিনিট পরই মাঠের বাইরে চলে যাওয়ার মানুষ তো লিওনেল মেসি নন। কোনো সমস্যা যে আছে, সেটা টের পাওয়া গিয়েছিল আলমেরিয়ার বিপক্ষে বার্সেলোনার কালকের ম্যাচটি চলার সময়ই। আশঙ্কাটাই সত্যি প্রমাণিত হলো। হ্যামস্ট্রিংয়ের ইনজুরির কারণে এখন দুই বা তিন সপ্তাহ মাঠের বাইরেই থাকতে হবে আর্জেন্টাইন তারকাকে।

আজ পরীক্ষা-নিরীক্ষার পর মেসির এই ইনজুরির খবরটি নিশ্চিত করেছে বার্সেলোনা। ক্লাবের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘মেসির ডান পায়ে ছোটখাটো একটা হ্যামস্ট্রিং ইনজুরি ধরা পড়েছে। আর্জেন্টাইন এই ফুটবলারকে এখন দুই বা তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে।’

এই সময়ের মধ্যে বার্সেলোনার গুরুত্বপূর্ণ দুটি ম্যাচে মেসিকে থাকতে হবে দর্শক হয়ে। মঙ্গলবার সেল্টিকের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচ আসে বার্সার। ভ্যালাদোলিতের বিপক্ষে লা লিগার পরবর্তী ম্যাচেও মাঠে নামতে পারবেন না। মেসির এই ইনজুরির প্রভাব হয়তো পড়বে আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচেও। আগামী মাসে পেরু ও উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনাকে খুব সম্ভবত মাঠে নামতে হবে অধিনায়ককে ছাড়াই। অবশ্য বিশ্বকাপ টিকিট নিশ্চিত হয়ে যাওয়ায় এ নিয়ে আফসোস করতে হবে না আর্জেন্টিনার সমর্থকদের।

তবে বার্সেলোনা সমর্থকদের জন্য সুখবর, চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে মৌসুমের প্রথম এল ক্লাসিকোটির আগেই সুস্থ হয়ে উঠতে পারবেন মেসি। আগামী মাসের ২৬ তারিখে ন্যু ক্যাম্পে রিয়ালের মুখোমুখি হবে বার্সেলোনা।