তিন সপ্তাহেই মাঠে ফিরবেন নাজমুল!
পরশু এমআরআই রিপোর্টটা দেখেই ডা. ডেভিড ইয়াং হাসিমুখে বললেন, ‘ইউ আর ভেরি লাকি ম্যান! তোমার এসিএলে হাত দিতে হবে না, শুধু কার্টিলেজের ড্যামেজটা সারিয়ে দিলেই হবে।’ শুনে যেন একটা পাষাণ ভার নেমে যায় নাজমুল হোসেনের। মেলবোর্নে পরশুই অস্ত্রোপচার হয়েছে কার্টিলিজে। অস্ট্রেলিয়া যাওয়ার আগে ধারণা করছিলেন, অস্ত্রোপচারের পর মাঠে ফিরতে ৩-৪ মাস সময় লেগে যেতে পারে। কিন্তু নাজমুল ও বাংলাদেশ ক্রিকেটের জন্য সুখবর, তিন সপ্তাহেই রানিং শুরু করতে পারবেন নাজমুল। পুরোপুরি ফিট হতে সময় লাগতে পারে দুই-আড়াই মাস। অর্থাৎ অক্টোবরের নিউজিল্যান্ড সিরিজের আগেই পুরোপুরি ফিট হয়ে উঠবেন এই পেসার।হাসপাতাল ছেড়ে কালই হোটেলে ফিরে এসেছেন নাজমুল, স্ত্রীর কাঁধে ভর দিয়ে খানিকটা হেঁটেছেনও। খেলার বাইরে এবারই প্রথম বিদেশ সফর, সঙ্গী কেবল স্ত্রী। শুরুতে খানিকটা অস্বস্তিতে ছিলেন। তবে ডেভিড ইয়াংয়ের সঙ্গে সাক্ষাতের পরই সব অস্বস্তি দূর হয়ে যায় নাজমুলের। মাশরাফি বিন মুর্তজার হাঁটুতে বারবার অস্ত্রোপচারের সূত্রে বাংলাদেশ ক্রিকেটের ‘স্বজন’ ইয়াং, নাজমুলও মুগ্ধ তাঁর ডাক্তারের ব্যবহারে, ‘আমাকে দেখেই বললেন, আমার জন্য নাকি অনেক দিন থেকেই অপেক্ষা করছেন। আমি বললাম, নানা ঝামেলায় দেরি হওয়ার কথা। ইয়াং দেখি আমার সবকিছু আগে থেকেই জানতেন। পাকিস্তানের বিপক্ষে ম্যাচে পড়ে যাওয়া থেকেই সূত্রপাত, বারবার চোটের সমস্যা সব জানতেন। অক্টোবরে নিউজিল্যান্ড সিরিজের কথাও তিনি জানেন। এমআরআই রিপোর্ট দেখে বললেন, ‘জেন্টেলম্যান, অক্টোবরে নিউজিল্যান্ডের বিপক্ষেই খেলতে পারবে তুমি।’পরশু মেলবোর্ন সময় সকাল আটটায় ইয়াংয়ের সঙ্গে দেখা করেছেন নাজমুল। এমআরআই, এক্স-রে রিপোর্ট দেখে ইয়াং জানালেন, ওই দিন বেলা তিনটায়ই অস্ত্রোপচার করবেন। শুনে নাজমুল বেশ ভড়কে গিয়েছিলেন, তবে ইয়াং অভয় দেন। তা ছাড়া ইয়াংয়ের হাতে সামনে ফাঁকা সময়ও খুব একটা ছিল না। এসিএল (এন্টরিয়ার ক্রুসিয়েট লিগামেন্ট) ক্ষতিগ্রস্ত হয়নি, অস্ত্রোপচারে লেগেছে ৭০-৭৫ মিনিট। ক্ষতিগ্রস্ত কার্টিলিজ ‘ট্রিম’ করে দেওয়া হয়েছে। আগামী ১২ জুন আরেকবার ডা. ইয়াংকে দেখাতে যাবেন নাজমুল। এরপরই বোঝা যাবে, কবে দেশে ফিরতে পারবেন। ব্রিসবেন থেকে ফোন করে নাজমুলের খোঁজখবর নিয়েছেন শেন জার্গেনসেন। নিউজিল্যান্ড সিরিজে নাজমুলকে পাওয়া যাবে জেনে খুশি বাংলাদেশ দলের কোচ। স্বস্তি পাচ্ছেন নাজমুল নিজেও, ‘তিন সপ্তাহেই রানিং শুরু করতে পারব ভাবিইনি, খুব ভালো লাগছে। ক্রিকেট বোর্ডকে আবারও ধন্যবাদ আমাকে এখানে পাঠানোর জন্য।’