তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে দ্রগবা
বিশ্বকাপের আগেই কনুইয়ের ইনজুরিতে পড়েছিলেন আইভরিকোস্ট ও চেলসির তারকা ফুটবলার দিদিয়ের দ্রগবা। মনের জোরেই বলুন আর উত্কর্ষিত চিকিত্সার ফলেই বলুন মাত্র এক সপ্তাহের ব্যবধানেই মোটামুটি সুস্থ হয়ে দেশের পক্ষে বিশ্বকাপটি খেললেন। ব্রাজিলের বিপক্ষে গোলও করলেন। বিশ্বকাপের পর নতুন মৌসুম শুরু হওয়ার আগেই সেই দ্রগবা পড়েছেন আরেকটি ইনজুরিতে। এবার অনেক পুরোনো কুঁচকির সমস্যাটি আবার মাথাচাড়া দিয়ে উঠেছে তাঁর। চিকিত্সকেরা জানিয়ে দিয়েছেন পুরোনো এই ইনজুরি থেকে রেহাই পেতে অস্ত্রোপচারের বিকল্প নেই তাঁর সামনে। আগামী শুক্রবারই হতে যাচ্ছে দ্রগবার কুঁচকিতে অস্ত্রোপচার। এই অস্ত্রোপচারের ফলে কমপক্ষে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে যেতে হচ্ছে এই আইভরিয়ান তারকার। এর ফলে আগামী ৮ আগস্ট ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে কমিউনিটি শিল্ডের খেলায় চেলসির হয়ে মাঠে নামতে পারছেন না তিনি। কেবল তা-ই নয়, আসন্ন ইংলিশ প্রিমিয়ার লিগেরও শুরুর সপ্তাহটি মিস করতে যাচ্ছেন তিনি।গত মৌসুমে ৩৭ গোল করা এই তারকার ইনজুরি ভাবিয়ে তুলেছে চেলসি কোচ কার্লো আনচেলত্তিকে। নতুন মৌসুম শুরু হওয়ার ঠিক আগ দিয়েই আঘাত সমস্যা মাঠের বাইরে ঠেলে দিয়েছে দলের নিয়মিত চেক গোলরক্ষক পিটার চেচ ও ব্রাজিলীয় রক্ষণসেনা আলেক্সকে। এখন দ্রগবার ইনজুরি চেলসিকে নতুন মৌসুমের শুরুতে বেশ ভালো রকম সমস্যাতেই ফেলবে বলে মনে করা হচ্ছে।