তিন সিনিয়রকে চান ম্যাথুস
ক্রিকেট ইতিহাস বলে, তরুণ অধিনায়কেরা অনেক সময়ই দলে সিনিয়র ক্রিকেটারদের উপস্থিতি খুব বেশি চান না। বিশেষ করে ওই সিনিয়র যদি হন সাবেক অধিনায়ক। তবে ইতিহাসের সেই পথে হাঁটতে চান না অ্যাঞ্জেলো ম্যাথুস। নতুন লঙ্কান অধিনায়ক বলছেন, শ্রীলঙ্কা দলে এখনো প্রয়োজন আছে জয়াবর্ধনে-দিলশান-সাঙ্গাকারাদের।এই তিনজনের নেতৃত্বেই খেলেছেন ম্যাথুস। এবার তিন সিনিয়র খেলবেন ম্যাথুসের নেতৃত্বে। বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়েই শুরু হচ্ছে লঙ্কান ক্রিকেটে ম্যাথুস-যুগ। চোটের কারণে যদিও এই সিরিজে নেই জয়াবর্ধনে-সাঙ্গাকারা। কিন্তু ম্যাথুসের মতে এই তিনজন এখনো দলে অপরিহার্য। সেটা শুধু ব্যাটিংয়ের কারণে নয়, তরুণদের সঠিক পথের দিশা দেখাতেও, ‘আমাদের দলে এখন তারুণ্য ও অভিজ্ঞতার দারুণ সমন্বয়। এই সমন্বয়টা খুবই গুরুত্বপূর্ণ। মনে আছে, আমার যখন অভিষেক হয়েছিল, মাহেলা, সাঙ্গাকারা, মুরালি, দিলশান, ভাস ও জয়াসুরিয়ার মতো সিনিয়ররা আমাকে অনেক সাহায্য করেছিল। এটার প্রয়োজন আছে। দলে নতুন আসা তরুণেরা অনেক চাপে থাকে। সিনিয়রদের কথা শুনে ও দেখে তারা অনেক শেখে। এখনো সাঙ্গাকারা, মাহেলা ও দিলশান তরুণদের অনেক কিছু শেখায়। এগিয়ে যেতে হলে আমাদের প্রয়োজন আছে ওদের এবং তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলটাই আমাদের সবচেয়ে বড় শক্তি।’ ওয়েবসাইট।