
কোথাও রাজত্ব করলেন ব্যাটসম্যানরা, কোথাও বোলাররা। জাতীয় লিগের প্রথম রাউন্ডের দ্বিতীয় দিনে কুয়াশার প্রভাবও ছিল বেশ। খেলা শুরু হতে দেরি হয়েছে সব ভেন্যুতেই। এরই মধ্যে হয়েছে একটি দলীয় রেকর্ড। জাতীয় লিগে পঞ্চম দল হিসেবে এক ইনিংসে ৬০০ পেরিয়েছে ঢাকা বিভাগ।
রকিবুল ও শুভাগতর সেঞ্চুরিতে প্রথম দিনেই ঢাকা বিভাগের সংগ্রহ ছাড়িয়েছিল সাড়ে তিন শ। সেই ভিত্তির ওপরে দাঁড়িয়েই কাল রাজশাহীতে ‘ওয়ানডে’ ব্যাটিং করল দলটি। দিনের তৃতীয় বলেই উইকেটকিপারের হাতে ক্যাচ দিয়ে বিদায় নিয়েছিলেন রকিবুল। আরেক সেঞ্চুরিয়ান শুভাগত হোম এরপর নুরুল হাসানকে সঙ্গী করে ষষ্ঠ উইকেটে ১২৬ বলে যোগ করলেন ১২২ রান। ক্যারিয়ার সর্বোচ্চ ইনিংস (১৬৬*) থেকে ১ রান দূরে থেকে আউট হয়েছেন শুভাগত। সপ্তম উইকেটে মোহাম্মদ শরীফ ও নুরুলের জুটিতে আসে ১৩৭ রান (১২৫ বল)। এবারের বিসিএলের প্রথম রাউন্ডে মাত্র ৬ রানের জন্য সেঞ্চুরিবঞ্চিত উইকেটকিপার নুরুল নিজের প্রথম শ্রেণীর ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটা করেই মাঠ ছেড়েছেন। ইনিংস ঘোষণার আগে ঢাকা করেছে ৬১৬ রান। জাতীয় লিগে দলটির সর্বোচ্চ ইনিংস এটিই, সর্বোচ্চ রাজশাহীতেও। ২ উইকেটে ১৫১ রান নিয়ে দিন শেষ করে রংপুর পিছিয়ে আছে ৪৬৫ রানে।
ফতুল্লায় দ্বিতীয় দিন শেষেই পরাজয় দেখছে রাজশাহী। প্রথম ইনিংসে ২১৭ রান করা দলটি দ্বিতীয় ইনিংসে ১০০ রান তুলতেই হারিয়ে ফেলেছে ৬ উইকেট। ৪ উইকেট হাতে নিয়ে মাত্র ৭৩ রানে এগিয়ে থাকা রাজশাহী দ্বিতীয় ইনিংসে ১৮ রানেই হারিয়ে ফেলে ৪ উইকেট। এর আগে সিলেট অলআউট হয় ২৪৪ রানে। বিনা উইকেটে ৯৫ নিয়ে দিন শুরু করে ১৩১ রানে প্রথম উইকেট হারানো দলটি শেষ ৯ উইকেট হারিয়েছে ৭৩ রানে। রাজশাহীর দুই বাঁহাতি স্পিনার সাকলাইন সজীব (৬/৬৯) ও তাইজুল ইসলাম (৪/৬৫) মিলেই নিয়েছেন ১০ উইকেট।
বগুড়ায় ঘাসে মোড়া উইকেটে প্রথমবারের মতো ৫ উইকেট পেয়েছেন ঢাকা মহানগরের পেসার মোহাম্মদ শহীদ। চট্টগ্রাম অলআউট ১৯৫ রানে। অধিনায়ক নাফিস ইকবাল আউট হয়েছেন ৯৭ রানে। এরপর দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ৭৭ রান তুলে মহানগর এগিয়ে গেছে ১০৩ রানে। খুলনায় প্রথম ইনিংসে স্বাগতিকেরা থেমেছে ৩৫৭ রানে। ৭৮ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে ফেলেছে বরিশাল। মাশরাফি নিয়েছেন ২ উইকেট।
স ং ক্ষি প্ত স্কো র
খুলনা-বরিশাল, খুলনা
খুলনা ১ম ইনিংস: ১২২ ওভারে ৩৫৭ (জিয়াউর ৭৭, তুষার ৬১, এনামুল ৫৫, রবিউল ৫১; কবির ৩/৪৮, ফজলে রাব্বী ৩/৬০, কামরুল ২/৮৯, নুরুজ্জামান ১/৩৯, মনির ১/৬০)। বরিশাল ১ম ইনিংস: ৩০.১ ওভারে ৭৮/৩ (সালমান ২৪*, শাহরিয়ার ১৮; মাশরাফি ২/২৪, সৌম্য ১/৭)।
ঢাকা বিভাগ-রংপুর, রাজশাহী
ঢাকা বিভাগ ১ম ইনিংস: ১৩৩.২ ওভারে ৬১৬/৭ ডি. (শুভাগত ১৬৫, রকিবুল ১৫৪, নুরুল ১০৯*, শরীফ ৭৮, রনি ৭৩; সাজেদুল ২/৭৬, আরিফুল ২/১০২, জাহিদ ১/২৩, শুভাশিস ১/৯৯, তানভীর ১/১২৭)। রংপুর ১ম ইনিংস: ৪৩ ওভারে ১৫১/২ (সালাউদ্দিন ৭৮*, আহমেদুল ৪৪; শাহাদাত ১/২৬, নূর ১/৩৯)।
ঢাকা মহানগর-চট্টগ্রাম, বগুড়া
ঢাকা মহানগর: ২২১ ও ২০ ওভারে ৭৭/৩ (সৈকত ২৯, মেহেদী ১৯; সাদ্দাম ১/১২, ফয়সাল ১/১৪, মনিরুজ্জামান ১/২৮)। চট্টগ্রাম ১ম ইনিংস: ৬৭ ওভারে ১৯৫ (নাফীস ৯৭, ইরফান ৪৩*; শহীদ ৫/৫৭, আসিফ ৩/২৫, শরীফউল্লাহ ১/৪১)।
রাজশাহী-সিলেট, ফতুল্লা
রাজশাহী: ২১৭ ও ৩৭ ওভারে ১০০/৬ (তাইজুল ৪৩, ফরহাদ হোসেন ৩৪; নাজমুল ২/১৩, এনামুল জুনি. ২/২৮, জায়েদ ১/১২, নাবিল ১/৩৫)। সিলেট ১ম ইনিংস: ৭৫.৪ ওভারে ২৪৪ (সায়েম ৮৩, ইমতিয়াজ ৫১; সাকলাইন ৬/৬৯, তাইজুল ৪/৬৫)।
জাতীয় লিগে দলীয় সর্বোচ্চ
স্কোর ম্যাচ ভেন্যু মৌসুম
৭১২/৭ ডি. বরিশাল-সিলেট ফতুল্লা ২০০৬/০৭
৬৩২/৭ ডি. ঢাকা মহানগর-চট্টগ্রাম বগুড়া ২০১২/১৩
৬২২/৮ ডি. চট্টগ্রাম-বরিশাল চট্টগ্রাম ২০০৬/০৭
৬১৮/৮ ডি. খুলনা-ঢাকা মহানগর ফতুল্লা ২০১১/১২
৬১৬/৭ ডি. ঢাকা বিভাগ-রংপুর রাজশাহী ২০১৩/১৪