তিন সেঞ্চুরির দিন
প্রথম তিন ম্যাচে হারার পর টানা তিন ম্যাচে জিতে ঘুরে দাঁড়িয়েছিল প্রাইম দোলেশ্বর। কাল ফতুল্লা স্টেডিয়ামে থেমে গেছে সেই জয়রথ। লিগে জহুরুল ইসলামের দ্বিতীয় সেঞ্চুরির সৌজন্যে ভিক্টোরিয়া প্রাইম দোলেশ্বরকে হারিয়েছে ৮ উইকেটে। সাত ম্যাচের ছয়টিতেই জিতে ওল্ড ডিওএইচএস ও মোহামেডানের সঙ্গে পয়েন্ট তালিকার শীর্ষে ভিক্টোরিয়া।মিরপুরে শেখ জামাল ৩ উইকেটে কলাবাগানকে হারিয়ে পেয়েছে চতুর্থ জয়, কলাবাগানের এটি ষষ্ঠ পরাজয়। বিকেএসপিতে সূর্যতরুণ হেরেছে আবারও। ৬৬ রানে জিতে সাত ম্যাচে সপ্তম পরাজয়ের স্বাদ দিয়েছে তাদের ব্রাদার্স। ব্রাদার্স জিতল দ্বিতীয় ম্যাচ।সাকিব আল হাসান নিয়েছেন ৪ উইকেট, মোশাররফ হোসেন ৩টি। ভিক্টোরিয়ার দুই বাঁহাতি স্পিনারের সামনেই ভেঙে পড়ে প্রাইম দোলেশ্বর। ব্যতিক্রম কেবল শাহরিয়ার নাফীস (৭৭) ও ভারতীয় ব্যাটসম্যান মানবিন্দর সিং (৫১)। ৪২ রানে ৩ উইকেট পড়ার পর চতুর্থ উইকেটে দুজনের ১০১ রানের জুটিতে দলের স্কোরবোর্ডে জমা হয়েছে ২১৭ রান।জহুরুলের অপরাজিত ১৩১ রানের কল্যাণে শেষ পর্যন্ত ওটাও মামুলি সংগ্রহে পরিণত। ইনিংসের দ্বিতীয় বলেই ওপেনার তামিম ইকবাল (০) ইয়াসির আরাফাতের বলে বোল্ড। দলের ৬৪ রানের সময় ফিরে গেছেন আরেক ওপেনার আসিফ জাকিরও। তবে তৃতীয় উইকেটে জহুরুল-কামরান সাজিদের (৬০*) অবিচ্ছিন্ন ১৫৬ রানের জুটিতেই ম্যাচ জিতে যায় ভিক্টোরিয়া। ১৩১ বলে ১৩১ রানে জহুরুলের বাউন্ডারি ৯টি, ছক্কা ৪টি।মিরপুরে কলাবাগান-শেখ জামালের ম্যাচ হয়ে দাঁড়িয়েছিল ব্যক্তিগত নৈপুণ্য প্রদর্শনের মঞ্চ। পাকিস্তানি ব্যাটসম্যান রিফাত উল্লাহর সেঞ্চুরির (১০১) সৌজন্যে ২৬৮ রান করে কলাবাগান। কিন্তু রিফাতের পর পেসার শাহাদাত হোসেনের ৫ উইকেট পাওয়ার কৃতিত্বও জয় দেখাতে পারেনি কলাবাগানকে। শামসুর রহমানের সেঞ্চুরি (১০৩) আর মুশফিকুর রহিমের (৫৩) ফিফটির সামনে সবই হয়ে গেছে ম্লান। ১১৭ রানে দ্বিতীয় উইকেট পড়ে, এরপর তৃতীয় উইকেটে ১১৩ রানের জুটি হয়েছে দুজনের। দলের ২৩০ রানে মুশফিক আউট হওয়ার পর মাত্র ৩৭ রানে ৫ উইকেট পড়ে গেলেও শেষ পর্যন্ত চার বল বাকি থাকতেই ম্যাচ জিতে গেছে শেখ জামাল।বিকেএসপিতে নাফিস ইকবাল (৭৭) ও সোহেল আহমেদের (৫০*) ফিফটির সুবাদে ৬ উইকেটে ২৫১ রান করে ব্রাদার্স। জবাবে পাকিস্তানি রাজা আলীর ৯০ রানের পরও সাড়ে তিন ওভার বাকি থাকতেই ১৮৫ রানে অলআউট হয়ে গেছে সূর্যতরুণ।