তিন স্ট্রাইকারের দিকে তাকিয়ে প্যারাগুয়ে
গ্রুপ পর্বের দুটি করে খেলা শেষে ৪ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের শীর্ষে আছে প্যারাগুয়ে। দ্বিতীয় রাউন্ডে ওঠার জন্য গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ড্র-ই যথেষ্ট। নিউজিল্যান্ডের বিপক্ষে গোল পাওয়ার জন্য প্যারাগুয়ে তাকিয়ে আছে তাদের তিন তারকা স্ট্রাইকার—রক সান্তা ক্রুজ, নেলসন হায়েদো ভালদেজ আর লুকাস ব্যারিয়সের দিকে। এর আগের দুই ম্যাচে তাঁরা কোনো গোল করতে না পারলেও প্রতিপক্ষের রক্ষণভাগের জন্য যে যথেষ্ট বিপজ্জনক হয়ে উঠতে পারেন, তা বেশ ভালোভাবেই বোঝা গেছে।অপরদিকে প্রথমবারের মতো বিশ্বকাপের আসরে অংশ নেওয়া নিউজিল্যান্ড কিন্তু চমক দেখিয়েই চলেছে। স্লোভাকিয়ার বিপক্ষে ড্র করার পর বিশ্ব চ্যাম্পিয়ন ইতালিকেও ড্রয়ের ফাঁদে ফেলে ফুটবল দুনিয়ায় বেশ ভালোই সাড়া ফেলেছে ফিফা র্যাঙ্কিংয়ের ৭৮ নম্বরে থাকা এ দলটি। প্যারাগুয়ের বিপক্ষে জিততে পারলে দ্বিতীয় রাউন্ডেও চলে যেতে পারে তারা। ইতালিকে রুখে দিয়ে নিউজিল্যান্ড এখন আত্মবিশ্বাসের তুঙ্গে। প্যারাগুয়েও নিউজিল্যান্ডকে দেখছে বেশ সমীহের সঙ্গেই। প্যারাগুয়ের রক্ষণ-তারকা পাওলো দা সিলভার কথা থেকেই সেটা স্পষ্ট বোঝা গেল, গত দুই ম্যাচে নিউজিল্যান্ড যেভাবে খেলেছে, তাতে এটা স্পষ্ট যে তারা শারীরিকভাবে খুবই শক্তিশালী দল। তাদের পাল্টা আক্রমণগুলো প্রতিপক্ষকে যথেষ্ট চাপে রাখতে পারে। নিউজিল্যান্ডের বিপক্ষে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই প্রথম পর্ব শেষ করতে চাইছে প্যারাগুয়ে। আর নিউজিল্যান্ডের সামনেও বেশ ভালো সুযোগ আছে দ্বিতীয় রাউন্ডে উঠে প্রথম বিশ্বকাপটা স্মরণীয় করে রাখার।