তিন হ্যাটট্রিকের রাত
রিয়াল সোসিয়েদাদের সঙ্গে বার্সেলোনার ড্র—ইউরোপিয়ান ক্লাব ফুটবলের পরশুর রাতটা কাতালানদের জন্য গেছে বিষাদের। কিন্তু রাতটি দুর্দান্ত কিছু ফুটবলও উপহার দিয়েছে। তিনটি হ্যাটট্রিক তো ওটাই বলে। ম্যানচেস্টার ইউনাইটেডের ওয়েইন রুনি, ম্যানচেস্টার সিটির সার্জিও আগুয়েরো আর বায়ার্ন মিউনিখের মারিও গোমেজ করেছেন হ্যাটট্রিক তিনটি।ইংলিশ প্রিমিয়ার লিগে রুনির হ্যাটট্রিকে ম্যানইউ বোল্টনকে হারিয়েছে ৫-০ গোলে। বাকি গোল দুটি এ মৌসুমে এদিনই প্রথম একাদশে নামা হাভিয়ের হার্নান্দেজের। দারুণ এক হ্যাটট্রিক করে আর্জেন্টাইন স্ট্রাইকার আগুয়েরো উইগানের বিপক্ষে ম্যানচেস্টার সিটিকে জিতিয়েছেন ৩-০ গোলে। ইংল্যান্ডে যখন ম্যানইউ-সিটি আর রুনি-আগুয়েরো ঝলক, জার্মানির আলিয়াঞ্জ অ্যারেনায় বায়ার্ন মিউনিখ তখন গোমেজের আলোয় আলোকিত। গোমেজের ৪ গোলের কল্যাণে বায়ার্ন ৭-০ গোলে হারিয়েছে ফ্রেইবুর্গকে।মাথায় নতুন চুল লাগিয়ে নতুন মৌসুমে ভিন্ন চেহারায় আবির্ভূত রুনি। মাঠের পারফরম্যান্সেও যেন নতুন এক রুনি। গত মৌসুমের শেষ দিক থেকে নিজেকে হারিয়ে খোঁজা ইংল্যান্ড স্ট্রাইকার এ মৌসুমের শুরু থেকেই গোলের পর গোল করে যাচ্ছেন। প্রিমিয়ার লিগের প্রথম চার ম্যাচেই গোল আছে তাঁর। পরশু রাতেরটিসহ হ্যাটট্রিক দুটি। ৮ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতাও তিনি।এভারটন থেকে ২০০৪ সালে ম্যানইউতে আসার পর এটা তাঁর সপ্তম হ্যাটট্রিক। ম্যানইউর হয়ে সবচেয়ে বেশি হ্যাটট্রিক করা ডেনিস ল-র (১৮টি) পরই ববি চার্লটনের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় স্থানে রুনি। কোচ অ্যালেক্স ফার্গুসনের বিশ্বাস, রুনি একসময় ম্যানইউর হয়ে চার্লটনের করা ২৪৯ গোলের রেকর্ডও ছাড়িয়ে যাবেন। ৩২৭ ম্যাচে ১৫৫ গোল করা রুনিকে নিয়ে উচ্ছ্বসিত ফার্গুসন, ‘তার ২৫ বছর বয়সটাকে বিবেচনায় নিলে দারুণ এক অর্জন এটা।’ইংল্যান্ডে এসে নিজেকে যেন পুনরাবিষ্কার করেছেন ম্যারাডোনার জামাই আগুয়েরোও। উইগানের বিপক্ষে হ্যাটট্রিকসহ প্রিমিয়ার লিগের ৪ ম্যাচে ৬ গোল তাঁর। সিটি-সতীর্থ জেকোর সঙ্গে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতার ম্যান সিটিকে শিরোপা জেতানোর আত্মবিশ্বাসটা আরও জোরালো হয়ে উঠল।গত মৌসুমের প্রথমার্ধটা যেন ঘুুমের মধ্যেই কেটে গিয়েছিল গোমেজের। জার্মান জাতীয় দলেও সময়টা ভালো যায়নি। অনেকেই তাঁকে হিসাবের বাইরে ফেলে দিয়েছিলেন। এটাই গোমেজকে হয়তো জাগিয়ে দিয়েছে। জাতীয় দল এবং বায়ার্নে গত মৌসুমের শেষের দিকে ফিরতে শুরু করেছেন স্বরূপে। এ মৌসুমেও ধরে রেখেছেন ওই ফর্মটা। দুটি হ্যাটট্রিকসহ ৫ ম্যাচে ৮ গোল করেছেন তিনি। তথ্যসূত্র: এএফপি, রয়টার্স।