তিন ‘আর’ মিললেন ব্রাজিলে
রোমারিও-রোনালদোদের খবর মাঝেমধ্যেই পাওয়া যায়। রোমারিও খেলা ছাড়ার পরও কখনো রাজনীতিতে নামার ঘোষণা দিয়ে, কখনো অন্য কোনো কারণে খবরে আসেন। রোনালদো তো এখনো খেলার কারণেই খবরের পাতায় থাকেন। স্ট্রাইকার হিসেবে এই দুজনের তুল্য হলেও প্রচারের আলো থেকে হারিয়ে গেছেন রিভালদো।তবে অনেক দিন পর হলেও রিভালদোর খবর পাওয়া গেল। খেলার কারণেই। ব্রাজিলের ক্লাব মোগি মিরিম থেকে সাও পাওলোতে ধারে খেলতে যাচ্ছেন ১৯৯৯ সালের ফিফা বর্ষসেরা ফুটবলার। খবরটা শুনে অনেকেই হয়তো বিস্ময়ে প্রশ্ন করে বসতে পারেন, সেকি, রিভালদো এখনো খেলেন?ব্রাজিলের হয়ে ২০০২ বিশ্বকাপ জেতা রিভালদো আসলে পাদপ্রদীপের আলো থেকে সরে গেছেন ২০০৪ সালের পরই। বার্সেলোনার সাবেক স্ট্রাইকার এসি মিলান ছেড়ে ওই বছরই নাম লেখান গ্রিসের অলিম্পিয়াকোসে। একটু-আধটু হলেও তখনো খবরে থাকতেন। কিন্তু অলিম্পিয়াকোস ছেড়ে এইকে এথেন্স, এরপর উজবেক ক্লাব বুনিয়দকরে নাম লেখানোর পর সেটাও গেল।বিদেশ ঘুরে-টুরে এ বছরই ফিরেছেন নিজভূমে। ক্যারিয়ারের শুরুর দিকে ২ বছর মোগি মিরিমে খেলেছিলেন, ২০০৮ হয়েছেন ব্রাজিলের দ্বিতীয় বিভাগের ক্লাবটির সভাপতি। এ-যাত্রা আবার খেলোয়াড় হিসেবেই দেশে ফিরেছেন। কিন্তু মিরিমের সভাপতি খেলতে যাচ্ছেন সাও পাওলোতে। অবশ্য এই ধারের চুক্তিতে খেলার চেয়ে বাণিজ্যই কাজ করেছে বেশি। সাও পাওলোর ওয়েবসাইটে দেওয়া বিবৃতি অন্তত তাই বলে, ‘বিষয়টিতে সাও পাওলো ও রিভালদোর মধ্যে বাণিজ্যিক কিছু ব্যাপার নিয়েও আলোচনা হয়েছে।’চুক্তিটি যে কারণেই হোক, রিভালদোর এই ফেরা ব্রাজিলের তিন ‘আর’কে এক করে দিয়েছে। এক দলে নন, কিন্তু রোনালদো, রিভালদো ও রোনালদিনহোদের তিনজনই এখন ব্রাজিলে। আরেকটু বাড়িয়ে বললে পাঁচ ‘আর’ই তো এক জায়গায়। এখন ব্রাজিলে আছেন রোমারিও ও রবার্তো কার্লোসও। রয়টার্স, ওয়েবসাইট।