তিন ‘পজিশনের’ তিনজন
গোলকিপার, ডিফেন্ডার, মিডফিল্ডার—পরশুর তিন ম্যাচের তিন সেরাকে নিয়ে দারুণ একটি দল গড়ে ফেলা যায়। স্লোভেনিয়ার বিপক্ষে যেমন খেলেছেন, যুক্তরাষ্ট্র মিডফিল্ডার ল্যান্ডন ডনোভানের ম্যাচসেরা হওয়া নিয়ে সংশয়ই ছিল না। তবে চমকে দিতে পারে বাকি দুটি নাম—সার্বিয়ান গোলকিপার ভ্লাদিমির স্টয়কোভিচ ও ইংলিশ ডিফেন্ডার অ্যাশলি কোল।জার্মানির বিপক্ষে সার্বিয়াকে জয় এনে দেওয়া একমাত্র গোলটি করেছেন মিলান জোভানোভিচ। ম্যানচেস্টার ইউনাইটেডের নেমানিয়া ভিদিচ, চেলসির ব্রানিশ্লাভ ইভানোভিচ ও লাৎসিওর আলেক্সান্ডার কোলারভকে নিয়ে গড়া ডিফেন্সও খেলেছে দুর্দান্ত। তবে বিখ্যাত সতীর্থদেরও ছাপিয়ে গেছেন স্টয়কোভিচ। বাবা ছিলেন গোলকিপার, নিজে গোলকিপার হয়েছেন তাঁরই অনুপ্রেরণায়। আর মা ছিলেন হ্যান্ডবল খেলোয়াড়।ছয় ফুট পাঁচ ইঞ্চি লম্বার স্টয়কোভিচ ছিলেন গত বিশ্বকাপের দলেও। তবে ম্যাচ খেলা হয়নি একটিও, সার্বিয়া—মন্টেনেগ্রোর গোলবার সামলেছেন দ্রাগোশ্লাভ জাভরিচ। বিশ্বকাপের পর হাভিয়ের ক্লেমেন্তে কোচ হওয়ার পর থেকেই অবশ্য নিয়মিত স্টয়কোভিচ। এখন নিজেকে প্রমাণ করছেন বিশ্বমঞ্চেও।আলজেরিয়ার বিপক্ষে সতীর্থদের হতাশাজনক পারফরম্যান্সের মধ্যেও ব্যতিক্রম ছিলেন অ্যাশলি কোল। আলজেরিয়ানদের কাউন্টার অ্যাটাক সামলেছেন দারুণ দক্ষতায়, আবার দ্রুতগতিতে ওপরে উঠে বল জোগান দিয়েছেন জেরার্ড-রুনিদের। নিজে ম্যাচসেরা হলেও দলের অবস্থা সুবিধাজনক নয়। তবে বিশ্বাস হারাচ্ছেন না কোল, ‘আমাদের সামর্থ্যে আমার আস্থা আছে, আশা করি স্লোভেনিয়াকে আমরা হারাব। তবে আমরা জানি, আমাদের আরও উন্নতি করতে হবে এবং এটা আমাদের হাতেই।’ কোলের ম্যাচসেরা হওয়াটা অবশ্য ভ্রূ কুঁচকে দিতে পারে অনেকের। কারণ আলজেরিয়ার ডিফেন্সে মাদজিদ বোঘেরা, অধিনায়ক ইয়াহিয়া, নাদির বেলহাজরাও অসাধারণ খেলেছেন।গোল করা ও করানোয় যুক্তরাষ্ট্র্রের সর্বকালের সেরা ডনোভান, মাত্র আটাশেই দেশের সর্বকালের সেরা ফুটবলারদের একজন। পরশুর গোলটি ছিল দেশের হয়ে তাঁর ৪৩তম, এর মধ্যে বেশির ভাগই দলের দারুণ প্রয়োজনের সময়। পরশুও ২-০-তে পিছিয়ে থাকা দল লড়াইয়ের রসদ পায় তাঁর গোলে। গোলটি ছাড়াও ম্যাচে যুক্তরাষ্ট্রের বেশির ভাগ আক্রমণই গড়ে তুলেছেন এই মিডফিল্ডার। তাঁর ফ্রি-কিকগুলো স্লোভেনিয়াকে বিপদে ফেলেছে অনেকবার। ডনোভানের এই বিধ্বংসী চেহারা দেখতে পারেন পরের ম্যাচগুলোতেও।