তিনজনের অন্য রকম চ্যালেঞ্জ
ইনডোরের নেটের পাশে বসে বিশ্রাম নিচ্ছিলেন। কম্পিউটার বিশ্লেষক নাসির আহমেদকে পেয়েই অভিযোগটা তুললেন শাহাদাত হোসেন। তাঁর দাবি, পাকিস্তানের বিপক্ষে গত ম্যাচে ঘণ্টায় ১৩৬-১৩৭ কিলোমিটার গতিতে বল করেছেন। কিন্তু নাসির আহমেদের ডেটাবেইসে তা কম দেখাচ্ছে। নাসিরের পাল্টা দাবি, তাঁরটাই ঠিক।হতে পারে, শাহাদাতকে আরেকটু জাগিয়ে দিতেই অমনটা বলেছেন কম্পিউটার বিশ্লেষক। কপট অভিযোগের ছলে শাহাদাতও হয়তো মজাই করলেন। কালকের অনুশীলনে এই খণ্ডচিত্রের অর্থ যা-ই হোক, পাকিস্তানের বিপক্ষে ম্যাচটাকে একটা বিশেষ ম্যাচ হিসেবেই নিয়েছিলেন পেসার শাহাদাত। তাঁর কাছে এটা ছিল অস্তিত্বের লড়াই। জহুরুল ইসলাম বা নাজিমউদ্দিনের কাছেও এর কাছাকাছিই।আগের রাতের টিম মিটিংয়েই জেনেছিলেন, পরদিন খেলছেন। দুই বছরেরও বেশি সময় পর ওয়ানডে খেলার সুযোগ। শাহাদাত ধরে নিয়েছিলেন এটাই শেষ সুযোগ, ‘আমি নিশ্চিত ছিলাম, খারাপ খেললে আমাকে আর কোনো দিন ওয়ানডেতে নেওয়া হবে না। সেজন্যই বেশি জেদ ছিল ভালো খেলার।’ সেই জেদে জয়ী হওয়ার কারণটাও খুঁজে বের করেছেন নিজেই, ‘জীবনে এই প্রথম চাপ ছাড়া বল করলাম। একদম রিল্যাক্সড ছিলাম। যা হচ্ছিল, তার চেয়ে খারাপ তো আর কিছু হতো না!’ঠিক উল্টো ঘটনা জহুরুলের ক্ষেত্রে। শাহাদাত চাপ নেননি, আর প্রায় ২০ মাস পর ওয়ানডে দলে ফেরা ব্যাটসম্যান জহুরুল নিয়ে নিয়েছিলেন বড় ইনিংস খেলার চাপ, ‘শুরুতে বেশি সাবধানী ছিলাম। ভেবেছিলাম ইনিংসটা একটু বড় হলে এরপর থেকে স্বাভাবিক ব্যাটিং করব। ওটাই চাপে ফেলে দিয়েছে। এত কিছু চিন্তা না করে শুরু থেকেই স্বাভাবিক ব্যাটিং করা উচিত ছিল।’শাহাদাত-জহুরুল ফিরেছেন প্রায় দুই বছর পর। নাজিমউদ্দিনের জন্য ওয়ানডের বাইরে থাকার সময়টা আরও বেশি—প্রায় চার বছর। ২০০৮ এশিয়া কাপে সর্বশেষ ওয়ানডের প্রতিপক্ষও ছিল পাকিস্তান। জহুরুলের মতো প্রত্যাবর্তন ম্যাচের পারফরম্যান্সে খুশি হতে পারছেন না নাজিমউদ্দিনও, ‘শুরুটা ভালো করে বাজেভাবে আউট হয়ে গেছি। আরও ভালো করা উচিত ছিল।’ অতৃপ্তিটা এই ওপেনার দূর করতে চান বাকি ম্যাচগুলোয়, ‘ভারত-শ্রীলঙ্কা দুই দলই শক্ত প্রতিপক্ষ। তবে আমার খুব ইচ্ছা ভারতের বিপক্ষে একটা ভালো ইনিংস খেলার।’জহুরুল বাকি দুই ম্যাচের প্রতিপক্ষের মধ্যে ভারতকেই এগিয়ে রাখছেন। তবে পাকিস্তানের বিপক্ষে করা লড়াই থেকে খুঁজে নিচ্ছেন আগামীকাল ভারতের বিপক্ষে ম্যাচের অনুপ্রেরণা, ‘আগেই হেরে বসব না আমরা। পাকিস্তান ফর্মে আছে, তার পরও আমরা বলতে গেলে জেতা ম্যাচ হেরেছি। ওদের ওপেনিং জুটি ভাঙার পর থেকে ম্যাচটা আমাদের হাতেই ছিল।’ পাকিস্তানের কাছে হারের দায় নিচ্ছেন নিজেও, ‘আমার আর তামিমের জুটিতে যদি আর পঞ্চাশটা রান হতো...। এক এক করে নিলেই জেতা যেত। সুযোগ পেলে আর তাড়াহুড়া করব না।’রান একটু বেশি দিলেও ফেরার ম্যাচে ৩ উইকেট আত্মবিশ্বাস বাড়াচ্ছে শাহাদাতের। তবে বাকি দুই ম্যাচে ভালো বল করা ছাড়া নির্দিষ্ট কোনো লক্ষ্য নেই, ‘প্রিমিয়ার লিগে যেভাবে বল করেছি, প্রথম ম্যাচেও সেভাবেই করেছি। পরের ম্যাচেও তাই করব। এমন না যে আমাকে টেন্ডুলকার বা বিশেষ কারও উইকেট পেতে হবে। চাই শুধু ভালো বল করতে।’অধিনায়ক মুশফিকুর রহিম খুশি হতে পারেন শাহাদাতের কথা শুনে। বাকি দুই ম্যাচ নিয়ে তাঁর দর্শনও যে প্রায় একই! মাঠ থেকে হোটেলে ফেরার বাসে ওঠার আগে বলে গেলেন, ‘পাকিস্তানের বোলিং ভালো ছিল। ভারতের ব্যাটিং ভালো, শ্রীলঙ্কার আবার দুটিই প্রায় সমান। কাজেই কারা এগিয়ে, বলা কঠিন। অত কিছু না ভেবে ম্যাচ ধরে ধরে খেলতে চাই।’