তিনটি প্রতিযোগিতায় নেই সেরেনা
গত সপ্তাহে রেস্টুরেন্টে গিয়ে আঘাতটা পেয়েছিলেন। কাচের গ্লাসের ভাঙা টুকরা পায়ে ঢুকে গিয়েছিল সেরেনার। ডান পায়ে অস্ত্রোপচারও করতে হয়েছে। সর্বশেষ খবর হলো, এই চোটের কারণে সামনের তিনটি প্রতিযোগিতায় খেলতে পারবেন না সেরেনা উইলিয়ামস। এমনকি আগামী ৩০ আগস্ট থেকে শুরু হওয়া ইউএস ওপেনেও ফিটনেসের সঙ্গে লড়াই করতে হতে পারে যুক্তরাষ্ট্রের এই তারকার।উইম্বলডন যেন তাঁদের সম্পত্তিতে পরিণত হয়েছে। উইম্বলডনে মেয়েদের এককের চ্যাম্পিয়ন মানেই যেন বড় বোন ভেনাস উইলিয়ামস, নয়তো সেরেনা উইলিয়ামস। চলতি মাসের শুরুতে ভেরা জভোনারোভাকে উড়িয়ে ক্যারিয়ারের চতুর্থ উইম্বলডন জিতেছেন সেরেনা। গত ১০ বছরে আটটিই গেছে উইলিয়ামস বোনদের ঘরে! সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে যখন নতুন নতুন স্বপ্ন দেখছিলেন তখনই আঘাতের শিকার। ২৮ বছর বয়সী সেরেনা বিবিসিকে বলছেন, ‘আমি মর্মাহত। সামনের কয়েকটি প্রতিযোগিতায় খেলতে পারব না। মাঠে ফিরতে না পারার কষ্ট প্রতিনিয়ত পেয়ে যাচ্ছি আমি।’