আহা, রিয়াল মাদ্রিদের প্রতি অ্যাটলেটিকো মাদ্রিদ সমর্থকদের কী ভালোবাসা! কী ভালো তাঁরা! সব বৈরিতা ভুলে নগরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের জন্যও তাঁদের মন কাঁদে। নিজেদের স্টেডিয়াম ভিসেন্তে ক্যালদেরনে পরশু রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচ চলছিল, অ্যাটলেটিকো সমর্থকেরা তখন সমস্বরে কোরাস তুললেন, ‘ফ্লোরেন্তিনো, থাকুন!’ রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজকে আরও বেশ কিছুদিন ক্লাবটির ‘মসনদে’ দেখতে চান প্রতিদ্বন্দ্বী ক্লাবেরই সমর্থকেরা। খুব সুন্দর ইঙ্গিত, না? বিষয়টি অন্যভাবে ভেবে দেখুন। অ্যাটলেটিকো সমর্থকদের এই শুভকামনা মোটেও ভালোবাসা থেকে নয়, বরং খোঁচা মেরে। গত সপ্তাহেই ঘরের মাঠে অ্যাটলেটিকোর কাছে ১-০ গোলে হেরে শিরোপা লড়াই থেকে ছিটকে গেছে রিয়াল। এরপরই লস ব্লাঙ্কোস সমর্থকেরা দলের ব্যর্থতার জন্য খোদ সভাপতিকেই কাঠগড়ায় তুলে তাঁর বিরুদ্ধে স্লোগান তোলেন ‘ফ্লোরেন্তিনো, ভাগো!’ অ্যাটলেটিকো সমর্থকেরা স্রেফ এর উল্টোটাই করলেন। ইঙ্গিতটা এই—পেরেজ যত দিন থাকবেন, রিয়ালের পারফরম্যান্সও তো খারাপ হবে! স্পোর্ত।