তিনি যখন ওবামারও প্রেরণা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বব বোম্যান কাঁদছেন, নাকি হাসছেন! চোখে জল, অথচ মুখে হাসি! অদ্ভুত এক অভিজ্ঞতার ভেতর দিয়ে যেতে হলো তাঁকে। ছেলেটাকে প্রথম দেখেছিলেন যখন ওর বয়স মাত্র ১১ বছর। লম্বা, একহারা গড়নের একটা ছেলে। লাজুক, একটু আড়ালে থাকতে ভালোবাসে। বোম্যান আরেকটা জিনিস আবিষ্কার করে নিয়েছিলেন, ছেলেটা এই পৃথিবীর একটা জায়গাতেই সবচেয়ে স্বস্তি পায়—সাঁতারপুলে। সেই শুরু। সেদিন থেকেই ছেলেটার ছায়াসঙ্গী হয়ে আছেন। তাঁর চোখের সামনে ছেলেটা বেড়ে উঠেছে। চোখের সামনেই গড়েছে একের পর এক ইতিহাস। জিতেছে ১৮টি অলিম্পিক সোনা! সব মিলে ২২ পদক।সাঁতার থেকে মাইকেল ফেল্পেসর বিদায়ের দিনে বোম্যান মিশ্র এক অনুভূতিতে আক্রান্ত হলেন। তবে এরই মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটিও বললেন। জানালেন, ফেল্প্স একটা প্রজন্মকে উৎসাহিত করেছে সাঁতারে আসতে, ‘কয়েক বছর ধরে অনেকেই সাঁতারে আসতে চেয়েছে, সাঁতরাতে চেয়েছে।’ সাঁতারে আরও বেশি উৎসাহিত হতে ফেল্প্স অনুপ্রাণিত করেছিলেন খোদ মিসি ফ্রাঙ্কলিনকে। যুক্তরাষ্ট্রের নতুন এই তারকা, লন্ডনে চারটি সোনা জেতা মিসি ফ্রাঙ্কলিন বলছেন বেইজিং অলিম্পিকে আটে আটটি সোনা জেতার কীর্তি কীভাবে অনুপ্রাণিত করেছে তাঁদের, ‘এটা মানুষকে আবার ভাবতে শিখিয়েছে, আমরা যেটাকে অসম্ভব বলে জানি, সেটা আসলেই কি অসম্ভব?’শুধু ফ্রাঙ্কলিন নন, ফেল্প্স অনুপ্রেরণা জুগিয়েছেন বারাক ওবামাকেও। ফেল্প্সকে বিদায়ী বার্তায় মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ‘ও আমার হিরো। আমার ল্যাপটপে সাতটি ভিন্ন ভিন্ন ভাষায় ২০০৮-এর ফ্লাই (বাটারফ্লাই) ফাইনালের ভিডিও আছে। সন্দেহাতীতভাবেই ও সর্বকালের সেরা অলিম্পিয়ান।’ফেল্প্স আসলেই সর্বকালের সেরা অলিম্পিয়ান কি না, এ নিয়ে বিতর্ক হতে পারে। যদিও সাবেক অ্যাথলেট, লন্ডন অলিম্পিকের প্রধান সেবাস্তিয়ান কোর আশা, ‘আমি মনে করি, যখন আমি বলি, মাইকেল ফেল্প্স ইতিহাস-স্রষ্টা হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন, আমার এই বক্তব্য হবে সবারই বক্তব্য।’ ফেল্প্স তাঁর আয়োজনের অলিম্পিকে অংশ হয়ে তাঁকে ধন্য করে দিয়েছেন—এই কথাও বললেন কো। বললেন, ‘এই স্মৃতি আমি আজীবন মনে রাখব।’ ফেল্প্স-শূন্যতা অনেক দিন পোড়াবে মন্তব্য করে বলেছেন, ‘ওর না-থাকাটার অভিজ্ঞতাটা হবে অদ্ভুত।’ফেল্পেসর না-থাকা আসলেই কতটা প্রভাব ফেলবে সেই ব্যাখ্যা দিয়ে তাঁর বন্ধু, সবচেয়ে কঠিন প্রতিপক্ষ রায়ান লোকিট বলেছেন, ‘ও অবসর নেওয়ায় আমি হতাশ। আমি রিওতেও সাঁতরাব। কিন্তু ওকে ছাড়া এটা অবশ্যই আগের মতো হবে না।’ এএফপি, রয়টার্স।