তিনিই নায়ক তিনিই খলনায়ক

শুরুতে নিজে একটা গোল করলেন। শেষে মিচুকে দিয়ে আরেকটা গোল করালেন। জনজো শেলভি নায়ক।
মাঝে দুবার জঘন্য দুটি ভুল পাস। যার খেসারত দিল সোয়ানসি সিটি দুটি খোল খেয়ে। শেলভি খলনায়ক।
ওয়েলসের লিবার্টি স্টেডিয়ামে পরশু রাতের নাটকীয় ম্যাচটার চিত্রনাট্য যেন লেখা হয়েছিল শুধু সোয়ানসি মিডফিল্ডারকে ঘিরে। কখনো সমর্থকেরা তাঁকে নিয়ে উচ্ছ্বাস করছেন, আবার সেই উচ্ছ্বাসের রেশ না কাটতেই ভেসে আসছে দুয়োধ্বনিও! আর কী কাকতাল, ম্যাচটাও কিনা লিভারপুলের বিপক্ষে! জুলাইতে ছেড়ে আসা ক্লাবের বিপক্ষে প্রথম ম্যাচেই পেলেন একই সঙ্গে তিক্ত-মধুর অভিজ্ঞতা।
আগাগোড়া ‘শেলভিময়’ ম্যাচ শেষ পর্যন্ত ২-২ ড্র। যদিও ভাগ্যগুণে এক পয়েন্ট পেয়ে মনে মনে ‘অল রেডস’ সমর্থকেরা হয়তো ধন্যবাদ দিচ্ছে তাদের সাবেক মিডফিল্ডারকে!
পুরো তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ার সুযোগ ছিল সোয়ানসির। সেটা নষ্ট হয়েছে শেলভির বাজে দুটি পাসের কারণে। ম্যাচ শেষে কীই-বা বলবেন তিনি! ‘যখন আপনি এভাবে প্রতিপক্ষকে বল দিয়ে দেবেন গোল করার জন্য, তখন মনে হবে গর্তে লুকিয়ে যাই, যাতে কেউ দেখতে না পায়’—এটা বলে তাই সান্ত্বনা খুঁজেছেন, ‘তবে বড় খেলোয়াড়দেরও মাঝেমধ্যে এ রকম হয়।’ সমর্থকদের কাছে ক্ষমাও চেয়েছেন, ‘আমি সোয়ানসির সব সমর্থকের কাছে ক্ষমা চাই দুটি বাজে ভুল করে লিভারপুলকে ড্র উপহার দেওয়ায়।’
শেলভির জন্য ঘটনাবহুল রাতটা দারুণ কেটেছে লিভারপুল স্ট্রাইকার ড্যানিয়েল স্টারিজেরও। সাবেক সতীর্থের ভুল পাসের সুযোগ নিয়ে প্রথম গোলটি করেছেন। লিভারপুলের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে লিগের প্রথম চার ম্যাচের সব কটিতেই গোল করলেন ইংলিশ স্ট্রাইকার। ৩৬ মিনিটে লিভারপুলের অন্য গোলটি করেন ভিক্টর মোজেস।
চতুর্থ ম্যাচে এসে জয়রথ থেমে যাওয়ার পরও প্রিমিয়ার লিগের শীর্ষস্থানটা ধরে রেখেছে লিভারপুল। সমান ম্যাচে ১ পয়েন্ট কম নিয়ে এর পরে আছে লন্ডনের দুই ক্লাব আর্সেনাল ও টটেনহাম। এএফপি।