তিনে উঠে এলেন সিদ্দিকুর
থাই উপসাগরের ছোট্ট দ্বীপ কোই সামুই। দুই বছর আগে এখানেই কুইন্স কাপে প্রথমবারের মতো শীর্ষ দশে থেকে প্রতিযোগিতা শেষ করেছিলেন সিদ্দিকুর রহমান। দুই বছর পর সেখানেই তাঁকে হাতছানি দিচ্ছে আরও বড় কিছু পাওয়ার। কাল দ্বিতীয় রাউন্ডে দারুণ খেলে তিনে উঠে এসেছেন আগের দিন যৌথভাবে নবম স্থানে থাকা বাংলাদেশের সেরা গলফার। কাল পারের চেয়ে ৩ শট কম খেলেছেন। দুই রাউন্ড মিলিয়ে পারের চেয়ে ৪ শট কম খেলা সিদ্দিকুরের ওপরে আছেন ফিলিপাইনের মিগুয়েল টাবুয়েনা ও থাইল্যান্ডের থাওরন বিরাটচান্ত। এই দুজন সব মিলিয়ে সিদ্দিকুরের চেয়ে ১ শট কম খেলেছেন।তিন লাখ ডলারের এশিয়ান ট্যুরের এই প্রতিযোগিতার দ্বিতীয় দিনে সিদ্দিকুর চারটি বার্ডি করেছেন। নিজের পারফরম্যান্সে বেশ খুশি ২৭ বছর বয়সী গলফার, ‘দিনটা বেশ ভালো কেটেছে। বগি খুব কম হওয়ায় আমি দারুণ খুশি। একটি বগি আর চারটি বার্ডি। শুরুর দিকে বাতাসটা বেশ জোরালো থাকলেও আমি ভালোই খেলেছি। যদিও বলটা ফেয়ারওয়েজ ও গ্রিনে রাখতে পারাটা কঠিনই ছিল।’