তিনে খুশি জার্মানি চারে গর্বিত উরুগুয়ে
‘ইতিহাস বলছে, এই ম্যাচ সব সময়ই অনেক গোলপ্রসবা। বিনোদনের জন্য তাই প্রস্তুত হোন’—খেলা শুরুর বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই বললেন টিভির ভাষ্যকার। হলোও ঠিক তা-ই। আক্রমণ, পাল্টা-আক্রমণে জমজমাট এক ম্যাচ ৩-২ ব্যবধানে জিতে টানা দ্বিতীয়বারের মতো তৃতীয় হলো জার্মানি। অতীতের সোনালি দিনগুলোর কথা মনে করিয়ে দেওয়া উরুগুয়ে বিশ্বকাপ শেষ করল চতুর্থ স্থান নিয়ে। এই ম্যাচ নিয়ে আগ্রহ বেশি ছিল আরেকটি কারণে, বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড মিরোস্লাভ ক্লোসা ছুঁতে বা ছাড়িয়ে যেতে পারেন কি না। কিন্তু ফিট না হওয়ায় খেলতেই পারেননি ক্লোসা। তবে আগের চার গোলের সঙ্গে পরশু আরেকটি করে গোল করে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা হওয়ার সম্ভাবনা জাগিয়েছিলেন টমাস মুলার ও ডিয়েগো ফোরলান।পরশুর ম্যাচের আগে বিশ্বকাপের ১৬টি স্থান নির্ধারণী ম্যাচে গোল হয়েছিল ৬৩টি। ম্যাচপ্রতি গোলগড় ছিল প্রায় চার। এই ম্যাচ শেষে গোলগড় হয়ে গেল চার (১৭ ম্যাচে ৬৮ গোল)। সবচেয়ে বেশিবার বিশ্বকাপের ফাইনাল (৭ বার) ও সেমিফাইনাল (১২ বার) খেলা দল জার্মানি এই নিয়ে তৃতীয়ও হলো সবচেয়ে বেশি চারবার। প্রথম তিনবার তৃতীয় হয়েছে তারা ঠিক ৩৬ বছরের ব্যবধানে; ১৯৩৪, ১৯৭০ ও ২০০৬ সালে।উরুগুয়ে সর্বশেষ সেমিফাইনালে উঠেছিল ১৯৭০ সালে, সেবারও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে এই জার্মানির কাছে হারতে হয়েছিল ০-১ গোলে। পরশু দুদলই শুরু থেকেই খেলেছে আক্রমণাত্মক। নিষেধাজ্ঞার খাঁড়ায় সেমিফাইনালে বাইরে থাকা লুইস সুয়ারেজ ও অধিনায়ক ডিয়েগো লুগানোকে ফিরে পেয়ে উরুগুয়ে ছিল উজ্জীবিত। অন্যদিকে ক্লোসার পাশাপাশি জার্মানি হারায় লুকাস পোডলস্কি ও অধিনায়ক ফিলিপ লামকে। আর নিয়মিত গোলকিপার ম্যানুয়েল নয়্যারকে বিশ্রাম দেওয়ায় ৩৬ বছর বয়সে বিশ্বকাপ অভিষেকের সুযোগ পেয়ে যান হ্যান্স-ইয়র্গ বুট।দুই হলুদ কার্ডের খাঁড়ায় সেমিফাইনাল মিস করার পর ফিরেই জার্মানিকে এগিয়ে দেন মুলার। ১৮ মিনিটে প্রায় ৩৫ গজ দূর থেকে এই ম্যাচের জার্মান অধিনায়ক বাস্তিয়ান শোয়েনস্টাইগারের নেওয়া শট ঠিকমতো ধরতে ব্যর্থ হন উরুগুয়ে গোলকিপার ফার্নান্দো মুসলেরা। দারুণ ক্ষিপ্রতায় ফিরতি বল ধরে জালে জড়ান মুলার। ৪১ মিনিটে সুয়ারেজের পাস ধরে নিখুঁত ফিনিশিংয়ে উরুগুয়েকে সমতায় ফেরান এডিনসন কাভানি। উরুগুয়েকে এগিয়ে দেওয়া ফোরলানের গোলটি ছিল এই বিশ্বকাপের অন্যতম সেরা। ইডিগিও আরেভালোর ক্রসে বক্সের ভেতর থেকে অসাধারণ এক সাইড ভলি করেন ফোরলান, হতভম্ব জার্মান গোলকিপারের তাকিয়ে দেখা ছাড়া আর কিছু করার ছিল না।তবে উরুগুয়ে ম্যাচ হারে নিজেদের ডিফেন্স আর গোলকিপারের ভুলে দুটি গোল হজম করে। মার্শেল ইয়ানসেনের হেডে সমতায় ফেরে জার্মানরা, জয় আসে সামি খেদিরার হেডে। মাইকেল বালাকের ইনজুরিতে সুযোগ পেয়ে যেমন খেলেছেন, অন্তত একটি গোল পাওনা ছিল খেদিরার। ইনজুরি সময়ে বক্সের ঠিক বাইরে থেকে নেওয়া ফোরলানের ফ্রি-কিক বারে লাগলে শেষ হয়ে যায় উরুগুয়ের আশা। এই শটটিই বেশি পোড়াচ্ছে উরুগুয়ে গোলকিপার মুসলেরাকে, তবে সান্ত্বনা পাচ্ছেন পুরো বিশ্বকাপের দিকে তাকিয়ে, ‘আমি ভেবেছিলাম ফোরলানের শটটা ভেতরে ঢুকে গেছে। আমরা বাজেভাবে হারলাম। তবে বিশ্বকাপটা কখনো ভুলব না, উরুগুয়ে এখন বিশ্বসেরা দলের একটি।’সেমিফাইনালের হারটা এখনো বুকে বাজলেও সমর্থকদের কিছু দিতে পেরে খুশি শোয়েনস্টাইগার, ‘সেমিফাইনালে হারের হতাশাটা এখনো আছে, তবে এই জয়টা জার্মানিতে আমাদের সমর্থকদের জন্য খুব গুরুত্বপূর্ণ। ওরা আমাদের পাগলের মতো সমর্থন দিয়েছে।’ বিশ্বকাপে তৃতীয় স্থান পাওয়াটাকেও বড় এক গর্ব বলে মনে করছেন পোডলস্কি। গর্বিত পরশুর ম্যাচ-সেরা মুলারও, ‘অবশ্যই আমরা গর্বিত, জয় দিয়ে বিশ্বকাপ শেষ করাটাও ছিল গুরুত্বপূর্ণ।’ মুলারের মতোই এই বিশ্বকাপের অন্যতম আবিষ্কার খেদিরা স্বপ্ন দেখছেন সুন্দর ভবিষ্যতের, ‘আমরা খুবই তরুণ একটা দল। আমরা আরও ভালো ও বড় কিছু করব।’ ওয়েবসাইট।