তিনেও অনিশ্চিত মোহামেডান
দুই ম্যাচ বাকি থাকতেই প্রিমিয়ার লিগের শিরোপা নিষ্পত্তি হয়ে গেছে। দ্বিতীয়বারের মতো লিগ চ্যাম্পিয়ন হয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। পেশাদার লিগের সাতটি আসরের একটিতেও এ পর্যন্ত চ্যাম্পিয়ন হতে পারেনি মোহামেডান। প্রথম তিনবার অন্তত রানার্সআপ হতে
পেরেছিল সাদা-কালো দলটি। এর পর থেকে দ্বিতীয় হওয়াটাও যেন ভুলে গেছে!
এবার তো তৃতীয় হওয়া নিয়েও টানাটানি! কাল ব্রাদার্সের সঙ্গে গোলশূন্য ড্র করে তৃতীয় স্থানের জন্য লড়তে থাকা মোহামেডান অনেকটাই ছিটকে পড়েছে দৌড় থেকে। ২৬ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে তারা, ২৫ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে মুক্তিযোদ্ধা। অবশিষ্ট একটি ম্যাচে মোহামেডান জিতলে এবং মুক্তিযোদ্ধা তাদের শেষ দুই ম্যাচ হারলেই কেবল তৃতীয় হওয়া সম্ভব মোহামেডানের।
বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রথমার্ধে দুই দলই খেলেছে অগোছালো ফুটবল। ছিল ভুল পাসের ছড়াছড়ি আর গোল মিসের মহড়া। ম্যাচের ৩৮ মিনিটে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি মোহামেডান ডিফেন্ডার তপু বর্মণ। প্রথমার্ধে বলার মতো আক্রমণ ছিল এই একটাই। ৫৯ মিনিটে অরূপের ক্রসে পা ছোঁয়ােতই পারেননি তৌহিদুল। পরের মিনিটেই মেজবাবুল মানিকের শট কর্নারের বিনিময়ে বাঁচিয়ে দেন গোলরক্ষক সুজন। ৬৮ মিনিটে তপু বর্মণ গোলরক্ষক সুজনকে একা পেয়েও বল মারেন বাইরে, দুই মিনিট পর আবারও খলনায়ক তপু, এবার বল বাইরে চলে গেল বার ঘেঁষে। এই ড্রয়ে ২৬ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানেই ব্রাদার্স।