প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বছরের শুরুতে ভারতের বিপক্ষে সিডনি ও অ্যাডিলেডে অপরাজিত ৩২৯ ও ২১০। এর পর চলতি ব্রিসবেন টেস্টে ২১৮। ২০১২ সালেই তিনটি ২০০ ছাড়ানো ইনিংস খেলে ফেললেন মাইকেল ক্লার্ক। কাল ব্রিসবেনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডাবল সেঞ্চুরি করেই এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি ২০০ ছাড়ানো ইনিংস খেলার রেকর্ড ছুঁয়েছেন অস্ট্রেলীয় অধিনায়ক। ক্লার্কের আগে এই কীর্তি ছিল শুধু দুজনের। দুজনই অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক, স্যার ডন ব্র্যাডম্যান ও রিকি পন্টিং। ১৯৩০ সালে স্যার ডনের ২৫৪, ৩৩৪ ও ২৩২ রানের ইনিংস তিনটি আবার একই সিরিজে। চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডেই এই কীর্তি ব্র্যাডম্যানের। ৭৩ বছর পর ২০০৩ সালে রিকি পন্টিং দ্বিতীয় ক্রিকেটার হিসেবে তিনটি ডাবল সেঞ্চুরি করেন। ওয়েস্ট ইন্ডিজ ও ভারতের বিপক্ষে তাঁর ইনিংস তিনটি ছিল ২০৬, ২৪২ ও ২৫৭ রানের।