তিনের লড়াই 'তৃতীয়' পাওয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হোসে মরিনহো
হোসে মরিনহো

একজন স্প্যানিশ, একজন ইতালিয়ান, আরেকজন পর্তুগিজ। জাতীয়তা যেমন ভিন্ন, পেপ গার্দিওলা, কার্লো আনচেলত্তি ও হোসে মরিনহোর কোচিং-দর্শন, কৌশলও তেমনি আলাদা। তবে বায়ার্ন মিউনিখ, রিয়াল মাদ্রিদ ও চেলসি কোচরা মিলে যাচ্ছেন একটা জায়গায়। তিনজনই জিতেছেন দুটি করে চ্যাম্পিয়নস লিগ। এর মধ্যে মরিনহো একটু ব্যতিক্রম, এই পর্তুগিজ জিতেছেন আলাদা দুটি ক্লাবের হয়ে! আজ চ্যাম্পিয়নস লিগ শুরুর আগে তাই কোটি টাকার প্রশ্ন, তৃতীয়বারের মতো হাসিটা কি এঁদের কেউই হাসবেন? নাকি কিস্তিমাত করবেন অন্য কেউ?

কার্লো আনচেলত্তি
কার্লো আনচেলত্তি

পথটা দেখিয়ে দিয়েছিলেন আনচেলত্তি। এসি মিলানকে প্রথমবার চ্যাম্পিয়নস লিগ জেতান ২০০৩ সালে। এর পরের বছরই বিশ্ব চিনল হোসে মরিনহোকে। সব ছক উল্টে দিয়ে পোর্তোকে ইউরোপীয় শ্রেষ্ঠত্ব এনে দেন মরিনহো। চেলসির হয়ে না পারলেও ইন্টার মিলানকে নিয়ে ২০১০ সালে সেই সাফল্যের পুনরাবৃত্তি করেন। আর এর আগে-পরের দুই মৌসুমেই (২০০৯, ২০১১) বার্সাকে শিরোপা জেতান পেপ গার্দিওলা। আর আনচেলত্তি মিলানকে দ্বিতীয়বার শিরোপা জেতান ২০০৭ সালে।
এর মধ্যে অনেক সময় গড়িয়েছে। তিনজনই ঠিকানা বদলেছেন। বার্সা-অধ্যায়ের পর গার্দিওলা নতুন অভিযান শুরু করেছেন চ্যাম্পিয়ন বায়ার্নে। মরিনহো তো ইন্টারের পর রিয়াল মাদ্রিদে বিস্মরণযোগ্য একটা অধ্যায় কাটিয়ে আবার ফিরে এসেছেন পুরোনো ক্লাব চেলসিতে। আর মিলানের পর পিএসজি ঘুরে আনচেলত্তি এখন রিয়ালে। এই তিন কোচ নিশ্চয়ই এবারের শিরোপাটা জিতে নিজেকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চাইবেন?
এই তিন মহারথীর মতো আরও একজনও চ্যাম্পিয়নস লিগের স্বাদ নিয়েছেন। লিভারপুলের হয়ে ২০০৫ সালের সেই মহাকাব্যিক জয়ের কথা রাফায়েল বেনিতেজ ভোলেন কী করে? এই স্প্যানিশ কোচ এবার নাপোলিতে। ইতালির এই ক্লাবটিকে তিনি প্রথম চ্যাম্পিয়নস লিগ জেতাবেন—আশাটা হয়তো একটু বাড়াবাড়ি রকম। কিন্তু খেলাটা যে ফুটবল! এএফপি।

পেপ গার্দিওলা
পেপ গার্দিওলা

জেরার্ডো মার্টিনো ও ডেভিড ময়েসের জন্য আসরটা অজানা অভিযানের মতোই। চ্যাম্পিয়নস লিগে জেতা দূরে থাক, বার্সেলোনার আর্জেন্টাইন কোচ মার্টিনো ইউরোপের ফুটবলেই নবাগত। ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ ময়েসের চ্যাম্পিয়নস লিগটা দেখেছেন একজন বিশিষ্ট দর্শক হিসেবে। তিনি অবশ্য পূর্বসূরি অ্যালেক্স ফার্গুসনের পরামর্শ নিতে পারেন। গত ছয়বারের তিনবারই যে ইউনাইটেডকে ফাইনালে তুলেছিলেন ফার্গি! কিন্তু মার্টিনোর দুর্ভাগ্য, পরামর্শ নেওয়ার জন্যও অন্য কোথাও যেতে হবে তাঁকে। পূর্বসূরি গার্দিওলা তো প্রতিপক্ষ। ও হ্যাঁ, ইয়ুর্গেন ক্লপের কথাও বলতে হবে। ডর্টমুন্ডের ‘অসম্পূর্ণ রূপকথা’র পূর্ণতা কি দিতে পারেন না তিনি?