তিরন্দাজদের তুরিন-যাত্রা
বিশ্ব চ্যাম্পিয়নশিপে খেলার অভিজ্ঞতা হবে প্রথম। তাই ইতালির তুরিনে আগামী ৩-১০ জুলাই অনুষ্ঠেয় বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপের জন্য প্রস্তুতিটাও একটু বেশিই নিয়েছেন বাংলাদেশের তিরন্দাজরা। কাল বিকেএসপিতে ভরা বৃষ্টির মধ্যেও ছাতা মাথায় অনুশীলন করেছেন ইমদাদুল হক (মিলন), সজীব হোসেনরা। আজ সকাল ৯টায় ঢাকা ছাড়বে বাংলাদেশ দল।টুর্নামেন্টে রিকার্ভ পুরুষ ইভেন্টে খেলবেন ইমদাদুল হক, সজীব শেখ, রামকৃষ্ণ সাহা। মেয়েদের রিকার্ভ বোয়ে আছেন মাথুই প্রু, নাজনীন আক্তার ও বিউটি রায়। কম্পাউন্ড ইভেন্টে সাজ্জাদ হোসেন, আবুল কাশেম মামুন ও মোহাম্মদ হাসান। এর মধ্যে শুধু রামকৃষ্ণ ও হাসান প্রথমবারের মতো অংশ নিচ্ছেন কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে।প্রথমবারের মতো এত বড় আসরে বেশ বড় প্রত্যাশা নিয়েই যাচ্ছেন ইমদাদুল হক, ‘বিশ্বের সেরা খেলোয়াড়দের সঙ্গে কতটুকু প্রতিদ্বন্দ্বিতা করতে পারব জানি না, তবে আমি সেরা ষোলোর মধ্যে নিজেকে দেখতে চাই।’ কোচ নিশীথ দাসও চোখ রাখছেন শেষ ষোলোয়, ‘প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়নশিপে খেলতে যাওয়াটা আমাদের জন্য বড় এক অভিজ্ঞতাই হবে। আমাদের কেউ সেরা ষোলোর মধ্যে থাকতে পারে সেটাই হবে বড় অর্জন।’ গত মাসে শেষ হওয়া এশিয়ান গ্রাঁ প্রিঁর অভিজ্ঞতা বাংলাদেশের তিরন্দাজরা কাজে লাগাবে বলে আশা ফেডারেশন সম্পাদক রাজীবউদ্দিন আহমেদ চপলের। বিশ্বের ৮৭ দেশের ৫৭১ জন তিরন্দাজ অংশ নিচ্ছে টুর্নামেন্টে।