প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত জুন-জুলাইয়ে পাকিস্তানের বিপক্ষে পরপর দুই টেস্টে দুটি সেঞ্চুরি। এরপরই যেন নিজেকে হারিয়ে ফেললেন তিলকরত্নে দিলশান। না ওয়ানডে, না টি-টোয়েন্টি গত দুই মাসে কোনো আন্তর্জাতিক ম্যাচেই সুবিধা করতে পারেননি এই শ্রীলঙ্কান ওপেনার। শেষ ৮ ম্যাচে মাত্র একটি ফিফটি। শূন্য রানেই আউট তিনবার। পাল্লেকেলেতে আগের দুই ম্যাচেই শূন্য রানে আউট হওয়া সেই দিলশানই কাল ফিরলেন স্বরূপে। ৫৩ বলে ৫ চার ও ৩ ছয়ে ৭৬, ১৭৪ রান তাড়া করা শ্রীলঙ্কাকে প্রায় জিতিয়েই দিয়েছিলেন। দিলশান রানআউট না হলে হয়তো সুপার ওভারে গড়ায় না ম্যাচটি। তবে সুপার ওভারে লংঅফে বাউন্ডারির ইঞ্চি ছয়েক ভেতরে গাপটিলের যে ক্যাচটি নিলেন, তাতেই নির্ধারিত ম্যাচের ভাগ্য। ম্যাচসেরা হওয়ার লড়াইয়ে দিলশানের কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এই নিয়ে চারবার ম্যাচসেরা হলেন দিলশান।