শ্রীলঙ্কান ক্রিকেটে ম্যাচপাতানোর সঙ্গে জড়িত সাবেক দুই অধিনায়ক অরবিন্দ ডি সিলভা ও সনত্ জয়াসুরিয়া—হাশান তিলকারত্নের বরাত দিয়ে এই খবর প্রকাশ করেছিল শ্রীলঙ্কান একটা ওয়েবসাইট। তবে এমন মন্তব্য করেননি বলে দাবি করেছেন সাবেক এই অধিনায়ক।গত এপ্রিলে এক টেলিভিশন সাক্ষাত্কারে তিলকারত্নে বলেন, শ্রীলঙ্কান ক্রিকেটে ম্যাচ ফিক্সিং নতুন নয়। ১৯৯২ সাল থেকে এটা নিয়মিতই হয়ে আসছে। তিলকারত্নের এই অভিযোগ খতিয়ে দেখছে লঙ্কান পুলিশ। আলাদা তদন্ত চালিয়ে যাচ্ছে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসিও।তিলকারত্নে-ডি সিলভা-জয়াসুরিয়া—১৯৯৬ সালে শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী দলে ছিলেন তিনজনই। একটি ওয়েবসাইটের খবর, সম্প্রতি শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের সঙ্গে এক বৈঠকে ম্যাচপাতানোর সঙ্গে জড়িত থাকার ক্ষেত্রে ডি সিলভা ও জয়াসুরিয়ার নাম বলে এসেছেন তিলকারত্নে।তবে অভিযোগটা অস্বীকার করে তিলকারত্নে বলেছেন, ‘আমার আগের দেওয়া বক্তব্য সম্পর্ক জানতে প্রেসিডেন্ট আমাকে ডেকেছিলেন। স্ত্রী অপ্সরিকে সঙ্গে নিয়ে আমি তাঁর সঙ্গে দেখাও করি। তবে কোনো খেলোয়াড় বা ব্যক্তির নাম আমি ওই বৈঠকে উল্লেখ করিনি।’তিলকারত্নে বলেন, ‘পুলিশের অপরাধ বিভাগ আমাকে দুবার ডেকে পাঠিয়েছিল। প্রতিবারই আমি তাদের তদন্তে যথাযথ সহযোগিতা করেছি। জোরগলায় বলতে চাই, অভিযোগটা আমি করেছি। আমি নিজে অভিযুক্ত নই।’আইসিসির তদন্ত প্রশ্নে তিলকারত্নে বলেন, ‘আমার টেলিফোন নম্বর আইসিসিকে সরবরাহ করা হয়েছে। ওরা যেন যখন ইচ্ছা, আমার সঙ্গে যোগাযোগ করতে পারে।’ ওয়েবসাইট।