তিলকারত্নের ‘ফিক্সিং’ বোমা
ম্যাচ পাতানোর বিষবাষ্পে বারবার টালমাটাল হয়েছে পাকিস্তান ক্রিকেট। ছুঁয়ে গেছে ভারত, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজকেও। কিন্তু শ্রীলঙ্কার নাম কখনোই সেভাবে আসেনি। এখন শোনা যাচ্ছে, দ্বীপদেশটি নাকি ম্যাচ পাতানোয় বেশ ভালোভাবেই জড়িত! অভিযোগটিও যে সে লোকের নয়, সাবেক অধিনায়ক হাশান তিলকারত্নের। কোনো ক্রিকেটার, কর্মকর্তা, সময় বা ম্যাচের কথা নির্দিষ্ট করে বলেননি, তবে সাবেক বাঁহাতি ব্যাটসম্যানের দাবি, সেই ১৯৯২ সাল থেকে ম্যাচ পাতানোয় জড়িত তাঁর দেশ!বিশ্বকাপ ফাইনালের সপ্তাহ খানেক পর এক টিভি শোতে অভিযোগটি প্রথম তুলেছিলেন তিলকারত্নে। শ্রীলঙ্কার টিভি শোটি চোখ এড়িয়ে গেছে অনেকেরই। তবে বিশ্ব মিডিয়ায় ঝড় তুলেছে ডেইলি মিররকে দেওয়া তাঁর সাক্ষাৎকার, ‘ম্যাচ ফিক্সিং গতকাল থেকে বা আজ থেকে শুরু হয়নি। আমার জানা মতে, এটা ১৯৯২ সাল থেকেই হয়ে আসছে। আমি এটা সচেতনভাবেই বলছি, দায়িত্ব নিয়ে বলছি। এতে জড়িত সব লোককে আমি চিনি। এটা রিলে দৌড়ের মতো, একজন নিজের ল্যাপ শেষ করে ব্যাটন আরেকজনের হাতে দেবে। সে শেষ করে আবার আরেকজনের হাতে তুলে দেবে। কেউ এটা থেকে বের হয়ে আসতে পারবে না এবং কেউ ভেতরেও ঢুকতে পারবে না।’৮৩ টেস্ট ও ২০০ ওয়ানডে খেলা সাবেক ব্যাটসম্যানের সন্দেহের তালিকায় আছে গত বিশ্বকাপ ফাইনালও। সরাসরি পাতানো বলেননি, তবে তুলেছেন বেশ কিছু প্রশ্ন, ‘আমি বলছি না যে ফাইনালটা পাতানো ছিল। কিন্তু ফাইনালের মতো ম্যাচে সেরা একাদশে কেন চারটি পরিবর্তন হবে? এই প্রশ্নগুলো ওঠা উচিত। অর্জুনা এটা নিয়ে প্রশ্ন তুলেছে, আমরা যারা ক্রিকেটে খেলেছি, সবাই এটা নিয়ে আলোচনা করছে। ফাইনালে যেন আমরা পুরো অন্য একটি দল নামালাম। হঠাৎ মেন্ডিসকে সরিয়ে কেন অন্য আরেকজন স্পিনারকে খেলানো হলো? কাপুগেদারা মোটেও ফর্মে ছিল না, অথচ চামারা সিলভাকে বাদ দিয়ে ওকে খেলানো হলো। এটা অন্যায়, তাই নয় কি?এই চার পরিবর্তনের একটি অবশ্য না করে উপায় ছিল না। চোটগ্রস্ত অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুসের জায়গায় এসেছিলেন আরেক অলরাউন্ডার থিসারা পেরেরা। কিন্তু সেমিফাইনালে দলের সেরা বোলার অজন্তা মেন্ডিসকে (৩/৩৫) সরিয়ে হুট করে সুরাজ রণদিভকে খেলানোর সিদ্ধান্ত বেশ সমালোচিত হয়েছিল। প্রশ্ন উঠেছিল হেরাথের বদলে কুলাসেকারা এবং কাপুগেদারার পরিবর্তে চামারা সিলভাকে খেলানোর সিদ্ধান্ত নিয়েও। শ্রীলঙ্কার ম্যাচ পাতানোর ব্যাপারটা নাকি বিভিন্ন সময়ই বেরিয়ে আসার উপক্রম হয়েছিল, তবে নানাজনকে উৎকোচ দিয়ে আবার চাপা দেওয়া হয়েছে। ১৯৯২ সাল থেকে হয়ে আসলে তিনি এত দিন কেন চুপ থাকলেন, এখনই বা নির্দিষ্ট করে বলছেন না কেন, এসব প্রশ্নের ব্যাখ্যা পাওয়া যায়নি। তবে জানিয়েছেন শিগগিরই জড়িত সবার নাম প্রকাশ করে দেবেন। শ্রীলঙ্কাকে ১০ টেস্টে নেতৃত্ব দেওয়া ব্যাটসম্যানের শঙ্কা, ‘ফিক্সিং এখন ক্যানসারের মতো ছড়িয়ে পড়েছে। এখনই ব্যবস্থা না নিলে দূষিত রাজনীতি, দুর্নীতিবাজ প্রশাসকদের এই দেশ দু-তিন বছরের মধ্যে পাকিস্তানকে ছাড়িয়ে যাবে।’শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী মাহিন্দানন্দা আলুথগামাগে অবশ্য অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছেন, তিলকারত্নে লিখিত অভিযোগ আর প্রমাণ দিতে পারলে ব্যাপারটা তাঁরা দেখবেন। তবে মন্ত্রীর ধারণা, তাঁর সরকারকে বেকায়দায় ফেলার জন্যই এমন অভিযোগ করছেন তিলকারত্নে। প্রসঙ্গত, ক্রিকেট ছাড়ার পর রাজনীতিতে জড়িয়েছেন তিলকারত্নে, শ্রীলঙ্কার বিরোধী দল ইউনাইটেড ন্যাশনাল পার্টির গুরুত্বপূর্ণ একজন নেতা ৪৩ বছর বয়সী সাবেক ব্যাটসম্যান।মন্ত্রীর ধারণা অনুযায়ী ব্যাপারটা ‘রাজনৈতিক মারপ্যাঁচ’ হলেই হয়তো বিশ্ব ক্রিকেটের জন্য স্বস্তিকর হবে। নিষ্কলুষ ভাবমূর্তির শ্রীলঙ্কাও যদি সত্যিই ম্যাচ পাতানোয় জড়িত থাকে, ক্রিকেটের জন্য এর চেয়ে দুঃসংবাদ আর কী হতে পারে! ওয়েবসাইট।