তীব্র শীতেও ক্রিকেটানন্দ
তীব্র শীত, ঠান্ডা বাতাস আর ভারী কুয়াশায় জবুথবু সিলেটবাসী। তবে শহরতলির লাক্কাতুরা এলাকার সিলেট বিভাগীয় স্টেডিয়ামে শীত যেন পরাজিত।
গতকাল বিজয় দিবস টি-টোয়েন্টি ক্রিকেটের দুটি ম্যাচেই দর্শকেরা নিষপ্রাণ আবহাওয়ায় প্রাণের স্পন্দন জাগিয়েছেন। দুই দিনের তুলনায় দর্শক-উপস্থিতি কাল একটু বেশিই ছিল! আনন্দ-উচ্ছ্বাসে সারাক্ষণই তাঁরা গ্যালারি মাতিয়ে রেখেছেন। অনেকে প্ল্যাকার্ডে লিখে এনেছেন,‘ক্রিকেটানন্দের শহরে স্বাগতম।’
আবহাওয়া অফিস জানিয়েছে, চলতি মৌসুমে শহর সিলেটে কালই শীতের তীব্রতা বেশি ছিল। কিন্তু ক্রিকেট মাঠে সিলেটবাসীর উচ্ছ্বাসে তা বাধা হতে পারেনি। একটা চার হলেই উল্লাসধ্বনি। একটা উইকেট পড়লেই গগনবিদারী চিৎকার। মাঠের বাইরে থাকা টিকিট না-পাওয়া ক্রিকেটানুরাগীরাও মাঠের আশপাশের চানাচুর-চায়ের দাকানে আড্ডা দিয়েছেন শুধুই ক্রিকেট নিয়ে। শেষ কবে দেশের মাঠে এমন উপচেপড়া দর্শক হয়েছে—এটাই মূল আলোচ্য। মাঠের ধারণক্ষমতা কম হওয়াটা তাঁদের ক্ষোভের একটা কারণ।
বেলা দুইটার দিকে খেলা দেখতে আসেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ভিআইপি লাউঞ্জে বসে খেলা উপভোগ করা অর্থমন্ত্রী পরে সাংবাদিকদের কাছে বলেন, ‘সিলেটের মাঠে বিপুল দর্শক উপস্থিতি আমাকে মুগ্ধ করেছে। এটি ক্রিকেটের জন্য ইতিবাচক।’
চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে আগামী বছরের মার্চে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়ার আশঙ্কা ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দেশের রাজনৈতিক পরিস্থিতির জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট যদি অন্য দেশে সরিয়ে নেওয়া হয়, সে জন্য বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়াই দায়ী থাকবেন।’